বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনকারী প্রতিষ্ঠান এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান ফ্রাইডের সঙ্গে সম্পর্কিত প্রায় ৭০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ সম্পদের বেশির ভাগই রবিনহুড শেয়ারের আদলে রয়েছে, যার মালিকানা স্যাম ব্যাংকম্যানের নামে। এ ব্যবসায়ীর বিরুদ্ধে ঋণ পরিশোধের জন্য গ্রাহকের কোটি কোটি টাকা চুরি বা আত্মসাতের অভিযোগ রয়েছে। খবর রয়টার্স।

রাষ্ট্রপক্ষ বলছে, রবিনহুডের প্রায় সাড়ে ৫ কোটি শেয়ার কেনা হয়েছে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয়া অর্থে। গত মে মাসে স্যাম ব্যাংকম্যান ঘোষণা করেন, রবিনহুডের ৭ দশমিক ৬ শতাংশের শেয়ার কিনেছেন তিনি। সে সময় তিনি এ বিনিয়োগকে আকর্ষণীয় হিসেবেও বর্ণনা করেছিলেন। যদিও গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয়া অর্থ বিনিয়োগের কথাও সে সময় অস্বীকার করেন তিনি।

এর আগে গত ১২ ডিসেম্বর বাহামা থেকে স্যাম ব্যাংকম্যানকে গ্রেফতার করা হয়। আগামী অক্টোবরে তাকে বিচারের মুখোমুখি করার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের আইন বিভাগ চলতি মাসের শুরুতেই রবিনহুড শেয়ার জব্দের কথা জানিয়েছিল। গত শুক্রবার জব্দ করা সম্পদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। যার মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে থাকা অর্থ এবং ক্রিপ্টো এক্সচেঞ্জে জমা থাকা সম্পদ। রবিনহুডের শেয়ার ছাড়াও সম্প্রতি জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে সিলভারগেট ব্যাংকে থাকা ৯ কোটি ৪৫ লাখ ডলার, যা ওই ব্যাংকের একটি অ্যাকাউন্টে ছিল। এছাড়া মুনস্টোন ব্যাংকে এফটিএক্সের ডিজিটাল মার্কেটস অ্যাকাউন্ট থেকেও ৫ কোটি ডলার জব্দ করা হয়েছিল।