ক্রমে নিজেদের ব্যবসা বিস্তার করছে আদানি গ্রুপ। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে গ্রুপটির বিদ্যুৎ, পরিবহন, লজিস্টিকস, বন্দর, এয়ারপোর্ট, রেল, ভোজ্যতেল, আবাসন, আর্থিক খাতসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। এবার নিজ ভূখণ্ডেই বড় বিনিয়োগ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে এটি। চলতি সপ্তাহে আদানি গ্রুপের পক্ষ থেকে বলা হয়, ভারতের মধ্যপ্রদেশে খনিজ অনুসন্ধান, জ্বালানি, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি ও কয়লা খাতে ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে তারা। খবর দ্য প্রিন্ট।

যদিও ঠিক কবে নাগাদ তারা বিনিয়োগ কার্যক্রম শুরু করবে সে বিষয়ক কোনো সময়সীমা উল্লেখ করেনি আদানি গ্রুপ। গ্লোবাল ইনভেস্টরস সামিটে (জিআইএস) মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথোপকথনের সময় আদানি এন্টারপ্রাইজের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (এগ্রো, অয়েল অ্যান্ড গ্যাস) প্রণব আদানি জানান, তাদের প্রতিষ্ঠান খনিজ, জ্বালানি কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং কয়লা খাতে ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জিআইএস সামিটের উদ্বোধন করেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেয়ার আহ্বান জানালে উত্তরে প্রণব আদানি বলেন, এটি আমাদের কর্তব্য।

আদানি গ্রুপ রাজ্যের যুবকদের প্রশিক্ষণের জন্য প্রয়োজন অনুসারে দক্ষতা ও প্রশিক্ষণ উন্নয়ন কেন্দ্র পরিচালনা করবে বলেও জানান তিনি। জানা যায়, মধ্যপ্রদেশে একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে তাদের। কোম্পানির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের সুযোগ সম্পর্কেও তাদের অবহিত করেছেন।

এদিকে জিআইএস সামিটে ভাষণ দিতে গিয়ে আদিত্য বিড়লা গ্রুপের প্রধান কুমার মঙ্গলম বিড়লা জানান যে তাদের প্রতিষ্ঠান এখানে ১৫ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করছে। এ সময় তিনি বলেন, ‘মধ্যপ্রদেশের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে। আগামী পাঁচ বছরে আমরা এ রাজ্যের বিভিন্ন খাতে ১৫ হাজার কোটি রুপি বিনিয়োগের কথা ভাবছি।’

মধ্যপ্রদেশে বর্তমানে বিড়লা গ্রুপের সাতটি ব্যবসা চলমান। তাদের মোট বিনিয়োগের পরিমাণ ছাড়িয়েছে ৬০ হাজার কোটি রুপি। গত দশকে মধ্যপ্রদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রদেশ নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাজ্য হিসেবে তুলে ধরছে। এ রাজ্যে বিড়লা গ্রুপের ২৫ হাজারেও বেশি কর্মী রয়েছেন।