রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে গণমাধ্যম ব্যক্তিত্ব রবিন খানকে আগামী পাঁচ বছরের জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগে তিনি এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর রবিন খান বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, মানসম্মত গবেষণার প্রসার এবং সৃজনশীলতার বিকাশের মাধ্যমে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, উদ্ভাবনমুখী ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।
রবিন খান দেশের গণমাধ্যম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন খাত ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। বর্তমানে তিনি আবাসন খাতের প্রতিষ্ঠান দেশা হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং আনান প্যাক (বিডি) লিমিটেডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড (আইসিএল), রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস ক্লিনিক), ডেন্টাল কলেজ ও রংপুর গ্রুপের পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া চ্যানেল আই-এর প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি রবিন একজন নাট্য নির্মাতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
রবিন খান বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর সহসভাপতি হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং ডিরেক্টরস গিল্ডের সদস্য। এছাড়া তিনি বনানী ফ্রেন্ডস কমিউনিটি ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজীবন সদস্য।— সংবাদ বিজ্ঞপ্তি









