রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শূন্যের কোটায় নামিয়ে এনেছে জাপান। পাশাপাশি কয়লা আমদানিও কমানো হয়েছে। তবে দেশটি থেকে এলএনজি আমদানি স্থিতিশীল। সম্প্রতি জাপানের অর্থ মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, জি-৭-এর আহ্বানে সাড়া দিয়ে ক্রমান্বয়ে রুশ জ্বালানি তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল জাপান। সে ধারাবাহিকতায় দেশটি জ্বালানি তেল আমদানি শূন্যের কোটায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী কোইচি হাগিউদা বলেন, জাপান সরকার পরিশোধন কোম্পানিগুলোকে রুশ জ্বালানি তেল আমদানি থেকে বিরত থাকার কোনো নির্দেশনা বা চাপ দেয়নি। কোম্পানিগুলো স্বেচ্ছায় আমদানি কমিয়েছে। মূলত পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় কোম্পানিগুলো আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য বলছে, জাপানের শীর্ষ দুটি পরিশোধন কোম্পানি ইএনইওএস ও ইদেমিত্সু কোসান এরই মধ্যে রাশিয়ার সঙ্গে জ্বালানি তেল আমদানিতে নতুন কোনো চুক্তি স্থগিত রেখেছে।

মে মাসে দেশটি রাশিয়ার কাছ থেকে দৈনিক ৪৯ হাজার ২১৮ ব্যারেল জ্বালানি তেল আমদানি করে। কিন্তু জুনে কোনো তেল আমদানি হয়নি। অথচ গত বছরের একই সময় রাশিয়া থেকে দৈনিক ১ লাখ ৭ হাজার ৯৪২ ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছিল জাপান।