প্রথমবারের মতো ‘‌৭৫০ টিউজ কনটেইনার’ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে আট মিটার ড্রাফটের গিয়ারলেস জাহাজ ‘‌এমভি ফিলোটিমো’। পানামা পতাকাবাহী ১৭২ মিটার দৈর্ঘ্যের জাহাজটি বন্দরের ৭নং জেটিতে ভিড়েছে। নিয়মিত পশুর চ্যানেল ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে আট মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রেরিত গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ‘‌২৫ জুন বিকালে ৭৫০ টিউজ (২০ ফিট দৈর্ঘ্যের একটি কনটেইনারকে এক টিউজ বলে) নিয়ে আট মিটার ড্রাফটের জাহাজ বন্দর জেটিতে নোঙর করেছে। এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর ও ২৭ মার্চ আট মিটার ড্রাফটসের দুটি জাহাজ এসেছিল। তাতে এত বেশি কনটেইনার ছিল না। নিয়মিত ড্রেজিংয়ের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনো বাধা থাকবে না। ভবিষ্যতে আরো বেশি ড্রাফটের জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি। বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে বন্দরের উন্নয়ন এখন দৃশ্যমান হচ্ছে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘‌পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকায় তৈরি গার্মেন্টস পণ্য এখন মোংলা বন্দর দিয়ে রফতানি হচ্ছে। সেই সঙ্গে অন্যান্য ব্যবসায়ীর মোংলা বন্দর ব্যবহারের প্রতি আগ্রহ বেড়েছে। মোংলা বন্দর এলাকায় গড়ে উঠেছে শিল্প-কারখানা, সৃষ্টি হচ্ছে লাখ লাখ মানুষের কর্মসংস্থান। যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’