মালয়েশিয়ায় সবজির দাম আবারো বাড়তে পারে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি, দমকা বাতাস ও জলাবদ্ধতার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে বাজারে সবজি ঘাটতির শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ক্রেতাকে সবজির দাম বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়েছে।
ফেডারেশন অব ভেজিটেবল ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লিম সের কুই বলেছেন, আকস্মিক এবং ভারি বৃষ্টিতে দক্ষিণ উপদ্বীপের খামারগুলোয় ১০ লাখ কেজি শাকসবজির ক্ষতি হয়েছে। এর আর্থিক ক্ষতি হয়েছে কয়েক লাখ রিঙ্গিত। বিশেষ করে জোহর রাজ্যে বন্যা রাতারাতি বেড়েছে এবং অনেক খামার প্লাবিত হয়েছে।
তিনি আরো জানান, রাজ্যটির কৃষকরা জানিয়েছেন নদীতীরে পানির পাম্প ভেসে ও যন্ত্রপাতি তলিয়ে গেছে। কৃষক তাদের কীটনাশক ও সার সংরক্ষণ করতে পারেননি। এছাড়া জলাবদ্ধতার কারণে খামারগুলোয় পণ্য পরিবহন যান ঢুকতে পারছে না। ফলে সবজির পাইকারি বাজারে সরবরাহে বিঘ্ন ঘটছে।
এদিকে গত বুধবার জোহরে অবিরাম বর্ষণে প্রায় ছয় হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। তারা অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং একজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।
এছাড়া আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকলে সবজির দাম আরো বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে অস্বাভাবিক আবহাওয়ার কারণে বাজার ঊর্ধ্বমুখী হয়েছিল।










