এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে ‘এমডিবি ডিজিটাল ন্যানো লোন’ সেবার উদ্বোধন ঘোষণা করেন।

মিডল্যান্ড ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্পূর্ণ অ্যাপ-ভিত্তিক ডিজিটাল ঋণসেবা এমডিবি ডিজিটাল ন্যানো লোন। এর মাধ্যমে উপযুক্ত গ্রাহকরা অনলাইনে আবেদন, অনুমোদন ও ঋণ নিতে পারবেন। এ সেবার আওতায়, ১-৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে, যার মেয়াদ সর্বোচ্চ ছয় মাস। যেসব গ্রাহকের মিডল্যান্ড ব্যাংকে রক্ষিত হিসাবে মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা গড় স্থিতি রয়েছে, তারা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান ওমর শরীফসহ জ্যেষ্ঠ ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।