অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) বা ওষুধের কাঁচামাল তৈরির শিল্প স্থাপনের জন্য উদ্যোক্তাদের ৪৭টি সংস্থা থেকে অনুমোদন নিতে হয়। লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের এ জটিল প্রক্রিয়া স্বাস্থ্যসেবা, মেডিকেল যন্ত্রাংশ ও ওষুধ শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করছে বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, এ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে লাইসেন্সিং সহজীকরণ জরুরি। পাশাপাশি টেকসই উন্নয়নে যুগোপযোগী নীতিমালা বাস্তবায়নের আহ্বানও জানান তারা।

রাজধানীর মতিঝিলে গতকাল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে। ‘স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ। তিনি বলেন, ‘ওষুধ শিল্পের কাঁচামাল বা এপিআই উৎপাদনে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে, যা ওষুধ শিল্পের জন্য বড় হুমকি। পাশাপাশি লাইসেন্সিংয়ের জটিল প্রক্রিয়া শিল্পের অগ্রগতিকে ব্যাহত করছে।’

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান জানান, এপিআই শিল্প স্থাপনে একজন উদ্যোক্তাকে ৪৭টি সংস্থা থেকে লাইসেন্স নিতে হয়, যা বিনিয়োগ নিরুৎসাহিত করার অন্যতম কারণ। তিনি লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ওয়ান স্টপ সার্ভিস চালুর আহ্বান জানান।

মেডিক্যাল ইকুইপমেন্টস প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ‘এ খাতের উদ্যোক্তাদের জন্য একটি আধুনিক ও কার্যকর নীতিমালা সময়ের দাবি।’ স্থানীয় উদ্যোক্তাদের সুরক্ষা ও ইকোসিস্টেম গঠনে নীতিনির্ধারকদের দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

ব্র্যাক হেলথ প্রোগ্রামের ঊর্ধ্বতন পরিচালক আকরামুল ইসলাম বলেন, ‘লাইসেন্সিং নিয়ে জটিলতা না কমালে বেসরকারি খাতকে স্বাস্থ্যসেবা, মেডিকেল যন্ত্রপাতি ও ওষুধ শিল্পে বিনিয়োগে উৎসাহিত করা যাবে না।’

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান বলেন, ‘ওষুধ শিল্পের লাইসেন্সিং আরো সহজ ও দ্রুত করার উদ্যোগ এরই মধ্যে নেয়া হয়েছে। লাইসেন্সের মেয়াদ অন্তত তিন বছর পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় কাঁচামাল শিল্প গড়ে তোলা, গবেষণা বৃদ্ধি ও আমদানিনির্ভরতা কমাতে সরকার গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সরকারের একার পক্ষে সব নাগরিককে স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব নয়। এজন্য সরকার, বেসরকারি খাত এবং একাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।’

বিশেষ অতিথির বক্তব্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক গাজী একেএম ফজলুল হক জানান, মেডিকেল ইকুইপমেন্টস শিল্পের জন্য স্বতন্ত্র নীতিমালার খসড়া প্রণয়ন করেছে বিডা। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মতামত নিয়ে তা বাস্তবায়ন করা হবে।

স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের প্রশাসক আবদুর রহিম খান বলেন, ‘আয়সীমা নির্বিশেষে সব নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চিকিৎসা ব্যয় যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সে লক্ষ্যেই কাজ করতে হবে।’

এর আগে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর বলেন, ‘স্বাধীনতার পর থেকে স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি খাতের অবদান উল্লেখযোগ্য। তবে বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতে সরকারের বাজেট বরাদ্দ খুবই কম। মানোন্নয়নে বাজেট বৃদ্ধি ও দক্ষ জনবল বাড়ানোর প্রয়োজন রয়েছে।’ সেমিনারে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালকরা, ব্যবসায়ী নেতারা ও সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।