শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উত্তরা ইউনিভার্সিটি।  তিনি বলেন, ‘অ্যাকাডেমিক উৎকর্ষতা, গবেষণা এবং উচ্চশিক্ষার মানউন্নয়নের জন্য আমি উত্তরা ইউনিভার্সিটির ভূয়সী প্রশংসা করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি এই প্রজন্মকে লালন-পালন করে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তরা ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়ে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।’

মঙ্গলবার উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন ২০২৩ এর সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি একথা বলেন। উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন ২০২৩ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন ২০২৩ এ শুভেচ্ছা বক্তব্য দেন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা এবং সমাবর্তনে উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দিয়েছেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে আমাদের সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকের গ্রাজুয়েটরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এটাই আমার প্রত্যাশা। আপনারা যখন ক‍‍র্মজগতে পা রাখবেন, মনে রাখবেন আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আলোকবর্তিকা হয়ে আপনাকে সীমাহীন সম্ভাবনার দিকে নিয়ে যাবে। সাহসের সঙ্গে চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করবেন, উৎসাহের সঙ্গে সুযোগগুলোর কাছে যাবেন। আপনাদের পেশাদার যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে শিখতে এবং নিজেকে প্রসারিত করতে থাকুন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বাংলাদেশের শিক্ষার বিস্তার এখন উন্নয়নশীল বিশ্বের জন্যে একটি অনুকরণীয় মডেল। আপনাদের অর্জিত জ্ঞান ও মেধা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি কাজে লাগাতে হবে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্যে। বহির্বিশ্বে আপনারা হবেন রাষ্ট্রের দূত।

এতে আরো উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভা‍র্সিটির বো‍র্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বদরুল ইকবালসহ বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, বুদ্ধিজীবী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যরা। জনপ্রিয় পপ সংগীত ব্যান্ড ‘শিরোনামহীন’র মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তন শেষ হয়।