ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আরবিট্রেশন সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)। এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে সম্প্রতি সংগঠনটির সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান আইসিসির চেয়ার মারিয়া ফানার্ন্দা গারজা।
এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আরবিট্রেশনের ক্ষেত্রে আইসিসি যে ধরনের সেবাগুলো দেয় সেটি এক কথায় অসাধারণ। আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি ও সমাধানে আইসিসির প্রতিটি পদক্ষেপ থেকে শেখার অনেক কিছু আছে। এফবিসিসিআইয়ের আরবিট্রেশনকে শক্তিশালী করতে আইসিসির প্রশিক্ষণ সহায়ক ভূমিকা পালন করবে।’
বেসরকারি খাতের দক্ষতা উন্নয়নে গবেষণার ক্ষেত্রেও আইসিসির কাছ থেকে সহযোগিতা চান এফবিসিসিআই সভাপতি। এ সময় আইসিসি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসাও করেন মাহবুবুল আলম। আইসিসি চেয়ার মারিয়া ফার্নান্দা গারজা আইসিসি আরবিট্রেশন সুবিধাগুলো নিয়ে আলোচনা করেন। খুব অল্প সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে বলেও জানান তিনি।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বর্তমান সহসভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. মুনির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










