সিঙ্গাপুরের চাংগি বিমানবন্দরে যাত্রী পরিবহন ২০২৪ সাল কিংবা তারও আগে মহামারীপূর্ব অবস্থায় পৌঁছাবে। দেশটির পরিবহনমন্ত্রী এস ইস্বরন শুক্রবার এ আশাবাদ ব্যক্ত করেন।
দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চাংগি বিমানবন্দরে যাত্রী আগমন, ফ্লাইট সংখ্যা ও বিভিন্ন শহর সংযোগের ক্ষেত্রে কভিডপূর্ব মাত্রার ৮০ শতাংশ ছুঁয়েছে। চাংগি বিমানবন্দরে ২০১৯ সালে বাণিজ্যিক ফ্লাইট সংখ্যা ছিল ৩ লাখ ৮২ হাজার। এর মাধ্যমে ৬ কোটি ৮৩ লাখ যাত্রীকে ভ্রমণসেবা দেয়া হয়। করোনার অভিঘাতে যাত্রী পরিবহন নেমে আসে ২০১৯ সালের শূন্য দশমিক ৫ শতাংশে। মহামারীর ধাক্কা থেকে ঘুরে দাঁড়াচ্ছে সিঙ্গাপুরের এভিয়েশন খাত। জানুয়ারিতে সিঙ্গাপুর টু চীন ফ্লাইট সংখ্যা যেখানে ছিল ৩৮, সেখানে বর্তমানে তা ১০০ ছুঁই ছুঁই।










