ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণে বিভিন্ন খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে নির্মিত টেলিভিশন শো ‘মিশন ২০৪১: আমিই সলিউশন’ আনুষ্ঠানিকভাবে টেলিভিশনের পর্দায় আসছে আজ। 

এসপায়ার টু ইনোভেট-এটুআইয়ের হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া (এইচডিমিডিয়া) নির্মিত এ টিভি শো চলতি মাসজুড়ে বিটিভি, সংসদ বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, একাত্তর টিভি ও দীপ্ত টিভিতে প্রচারিত হবে। পাশাপাশি চরকি, টফি, বঙ্গ, আইস্ক্রিন, দীপ্তপ্লে, সিনেম্যাটিক ও ড্রিমস্ট্রিমসহ বিভিন্ন ওটিটি প্লাটফর্মসহ এটুআইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ শো প্রচারিত হবে।

প্রাথমিকভাবে আট পর্বে নির্মিত ব্যতিক্রমী এ টিভি শোর সঞ্চালনা করেছেন এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী। এটুআইয়ের কালচার ও কমিউনিকেশনসের প্রধান পূরবী মতিনের পরিকল্পনা ও তানিম নূরের পরিচালনায় নির্মিত হয়েছে এ টিভি শো।

এ টিভি শো স্মার্ট শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, গ্রাম-শহর, সরকার, পরিবেশ ও বিনোদন—এমন আট পর্বে নির্মিত হয়েছে। প্রতিটি পর্বে থাকছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের নানা সাফল্য ও চ্যালেঞ্জের গল্প। একই সঙ্গে উদ্ভাবননির্ভর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে সময়োপযোগী ও অনুকরণীয় সম্ভাবনার দিক তুলে আনা হয়েছে পর্বগুলোতে। এছাড়া খাতভিত্তিক নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, উদ্ভাবক ও অংশীজনদের অংশগ্রহণে রাখা হয়েছে স্বতঃস্ফূর্ত আলোচনা। 

এ শোর মাধ্যমে দেশের সর্বস্তরের নাগরিক ভবিষ্যৎ শিক্ষা, স্বাস্থ্য, সরকার, কৃষি ও খাদ্য, শহর/গ্রাম, কর্মসংস্থান ও দক্ষতা, মিডিয়া এবং অর্থনৈতিক ব্যবস্থা কেমন হতে পারে তার সামগ্রিক ধারণা পাবেন। একই সঙ্গে দেশে উন্নয়নমুখী ও মেধাসম্পদের সঙ্গে সংশ্লিষ্টদের অনুকূল ও ভারসাম্যপূর্ণ একটি মেধাসম্পদ অবকাঠামো কেমন হতে পারে এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে মেধাসম্পদকে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগুলোর অপরিহার্য অংশ হিসেবে কীভাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে, সে বিষয়েও ধারণা পাবেন। —বিজ্ঞপ্তি