সম্প্রতি ইউনাইটেড ইউটিলিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োজিত হন লুই বার্ডমোর। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জের (এফটিএসই) তালিকাভুক্ত পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের শীর্ষ ছয়টি চাকরির মধ্যে পাঁচটিই নারী অধীনস্থ হবে। খবর দ্য গার্ডিয়ান।

যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে ভোক্তাদের পানি সরবরাহ পরিষেবা দিয়ে থাকে ইউনাইটেড ইউটিলিটিজ। বর্তমানে প্রতিষ্ঠানটির ভোক্তা পরিষেবা পরিচালক পদে বহাল রয়েছেন লুই বার্ডমোর। এর আগে ১২ বছর এ পদে বহাল ছিলেন স্টিভ মগফোর্ড। ২০২৩ সালের প্রারম্ভে অবসর নেয়ার পরিকল্পনা করছেন তিনি। এদিকে চলতি মাসে সিইও পদে নিযুক্ত হওয়ার কথা রয়েছে লুই বার্ডমোরের। এর অর্থ দাঁড়ায়, সিইও পদে নিযুক্ত হলে শীর্ষ তিনটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের মোট ছয়জন প্রধান নির্বাহী কর্মকর্তার পাঁচজনই হবেন নারী।

বর্তমানে এফটিএসই তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র চারটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারপারসন নারী। এর মধ্যে দুটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠান সাভার্ন ট্রেন্ট ও পেনন। এছাড়া অ্যাডমিরাল গ্রুপ ও ডিরেক্ট লাইন ইন্স্যুরেন্স গ্রুপ বীমা প্রতিষ্ঠান দুটিও নারী নেতৃত্বাধীন।

যুক্তরাজ্যের কভেন্ট্রিতে সাভার্ন ট্রেন্টের সদর দপ্তর অবস্থিত। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারপারসন দুজনই নারী। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বহাল রয়েছেন লিভ গারফিল্ড ও সাভার্ন ট্রেন্টের চেয়ারপারসন ক্রিস্টিন হজসন।

পেননের মালিকানাধীন সংস্থা সাউথ ওয়েস্ট ওয়াটার ও বর্নমাউথ ওয়াটার। এফটিএসই ২৫০ সূচকের সদস্যভুক্ত প্রতিষ্ঠান পেনন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান ডেভি ও চেয়ারপারসন গিল রাইডার।

মে মাসের শুরুতেই ইউনাইটেড ইউটিলিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিযুক্ত হওয়ার কথা লুই বার্ডমোরের। স্টিভ মগফোর্ডের অবসরপ্রাপ্তি পর্যন্ত একসঙ্গে কাজ করবেন তিনি।

এ বিষয়ে লুই বার্ডমোর বলেন, উত্তর-পশ্চিম যুক্তরাজ্যের ৭০ লাখ মানুষকে পরিষেবা দেয়া প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ভোক্তা ও স্টেকহোল্ডারদের প্রত্যাশিত পরিষেবা নিশ্চিতে সব কর্মীর সঙ্গে কাজ করার আশা আমার।

ইউনাইটেড ইউটিলিটিজের চেয়ারপারসন স্যার ডেভিড হিগিনস বলেন, অভ্যন্তরীণ ও বহিঃস্থ প্রার্থীদের মধ্যে কঠোর প্রক্রিয়ায় নির্বাচিত হন প্রধান নির্বাহী কর্মকর্তা। লুই বার্ডমোর নিঃসন্দেহে একজন চমত্কার প্রার্থী। শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় নারীর অংশগ্রহণে বরাবর উৎসাহিত করে এসেছে যুক্তরাজ্য। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, এ সত্ত্বেও জ্যেষ্ঠ নেতৃস্থানীয় পর্যায়ে নারীর সংখ্যা অনেক কম।

ক্র্যানফিল্ড স্কুল অব ম্যানেজমেন্টের এক গবেষণায় দেখা গেছে, এফটিএসই-১০০ সূচকের তালিকায় নারীর সংখ্যা সর্বাধিক ছিল গত বছর। তবে এ সত্ত্বেও যথেষ্ট সংখ্যক নারী চেয়ারপারসন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্যিক কর্মকর্তা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যুক্তরাজ্যের শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০ শতাংশেরও কম সিইও পদে বহাল নারী। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র আটটি পদ নারীর নিয়ন্ত্রণাধীন। ১৯৯৯ সালে প্রথম এফটিএসই বোর্ড প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পদে সবচেয়ে বেশি নারীর উপস্থিতি দেখা যায়। তবে এ সত্ত্বেও নারীর অংশগ্রহণ যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। গুরুত্বপূর্ণ পদগুলোয় আরো বেশি সংখ্যক নারী নিয়োগ দেয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।