ভিয়েতনামের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা ভিনফাস্ট ভারত ও ইন্দোনেশিয়ায় কারখানা নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। এজন্য ৪০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। বিদেশে ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে কোম্পানিটি। খবর নিক্কেই এশিয়া। 

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এসে ভিনফাস্ট প্রায় ১০ হাজার ২৭টি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি করেছে। গত প্রান্তিকের তুলনায় সামান্য বেড়েছে বিক্রি। দ্বিতীয় প্রান্তিকে বিক্রি হওয়া গাড়ির সংখ্যা ছিল ৯ হাজার ৫৩৬, যার অধিকাংশই আবার গেছে প্রতিষ্ঠাতা ফাম নাত ভুয়ংয়ের ট্যাক্সি কোম্পানিতে।

২০২৪ সালের শেষ নাগাদ ৫০টি বাজারে প্রবেশের লক্ষ্যমাত্রা নিয়েছে ভিনফাস্ট। পাশাপাশি উৎপাদন ব্যয় ৪০ কোটি ডলার কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে। ভিয়েতনাম থেকে পাঠানো যন্ত্রাংশগুলো ভারত ও ইন্দোনেশিয়ার কারখানায় সমন্বয় করবে কোম্পানিটি। ২০২৬ সালে চালু হওয়ার পর প্রতিটি কারখানায় বার্ষিক ৫০ হাজার ইভি তৈরির সক্ষমতা থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। 

চলতি বছর যুক্তরাষ্ট্রে ২ হাজার ১০০ গাড়ি রফতানি করেছে কোম্পানিটি। ইউরোপীয় নীতিনির্ধারকদের কাছ থেকেও আনুষ্ঠানিকভাবে তাদের বাজারে নিজেদের উৎপাদিত গাড়ি বিক্রির অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি।