ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বহরে যুক্ত হয়েছে ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারক্রাফট এয়ারবাস ৩৩০-৩০০। এয়ারবাসটি চীনের গুয়াংজু থেকে গতকাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়াটার ক্যানন স্যালুট প্রদানের মাধ্যমে এয়ারবাসটিকে অভ্যর্থনা জানানো হয়। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ লন্ডন ও রোম রুটে পরিচালিত হবে। বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা ও কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে। 

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগির আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। —বিজ্ঞপ্তি