নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সার্ভিলেন্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। কোম্পানির গত ৩১ মার্চ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাভানা ফার্মাসিউটিক্যালসের নিট বিক্রি হয়েছে ৪২৩ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ বিক্রি ছিল ৩৬৬ কোটি ২৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট বিক্রি বেড়েছে ৫৭ কোটি ২৩ লাখ টাকা বা ১৫ দশমিক ৬৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৮৫ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১৯ কোটি ১৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫ কোটি ৬৭ লাখ টাকা বা ২৯ দশমিক ৫৬ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৯ পয়সা।  গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯০ পয়সায়।