২০২৫ সাল নাগাদ পরিশোধিত দস্তার বাজারে নিম্নমুখী প্রবণতা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। ধাতুটির উৎপাদন ব্যাপক হারে বাড়লেও চাহিদায় ধস নেমেছে। এ ভারসাম্যহীন পরিস্থিতির কারণেই ধাতুটির দাম নিম্নমুখী থাকবে বলে জানান বিশ্লেষকরা। খবর রয়টার্স।

পণ্যবাজার পরামর্শক প্রতিষ্ঠান সিআরইউ গ্রুপের বিশ্লেষক ডিনা ইউ জানান, আগামী বছরগুলোয় দস্তার চাহিদা তুলনামূলকভাবে দুর্বল থাকবে। তবে দস্তা উত্তোলন ও পরিশোধিত উৎপাদন এখনো বাড়ছে। ফলে ধাতুটির মূল্য নিম্নমুখী চাপে পড়বে।

সিআরইউ গ্রুপের প্রাক্কলন অনুযায়ী, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) চলতি বছর দস্তার দাম কমে টনপ্রতি ৩ হাজার ৫০ ডলারে নামতে পারে, যা গত বছর ছিল ৩ হাজার ৪৪২ ডলার। ২০২৪ সালে এটির দাম আরো কমে টনপ্রতি ২ হাজার ৫২৫ ডলারে ঠেকবে। ২০২৫ সালে মূল্য দাঁড়াতে পারে ২ হাজার ডলারে।

ডিনা ইউ বলেন, ‘‌পাঁচ বছরের মধ্যে পরিশোধিত দস্তার বৈশ্বিক উৎপাদন দাঁড়াতে পারে প্রায় ১৩ লাখ টনে। চীনের বাইরের দেশগুলোয় উৎপাদন আট লাখ টন বাড়তে পারে। চীনে বাড়তে পারে পাঁচ লাখ টনেরও বেশি।’

সিআরইউর তথ্য বলছে, চলতি বছর পরিশোধিত দস্তার বৈশ্বিক চাহিদা গত বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। ২০২২ সালে চাহিদা ৪ দশমিক ১ শতাংশ কমে ‍গিয়েছিল। অর্থাৎ এ বছর চাহিদায় পুনরুদ্ধার ঘটবে। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে চীন ও ইউরোপ। তবে এ বছর ধাতুটির সরবরাহ গত বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বাড়বে।

চীন বিশ্বের শীর্ষ দস্তা ব্যবহারকারী দেশ। ধাতব পণ্যের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান এসএমএম জানায়, চলতি বছর পরিশোধিত দস্তার বাজারে ২ লাখ ৪৫ হাজার টন উদ্বৃত্ত থাকবে। আগামী বছর ও ২০২৫ সালেও উদ্বৃত্তে থাকবে বাজার।

এসএমএম যুক্তরাজ্যের এমডি ইয়ানচেন ওয়াং জানান, ‌চীনের দস্তা বিগলন প্রতিষ্ঠানগুলো বর্তমানে তাদের কার্যক্রম শতভাগ চালু রেখেছে। কাঁচামালের স্বল্পমূল্যের কারণে তারা মুনাফার সুবিধা ভোগ করছে।

এসএমএমের তথ্যে দেখা গেছে, চলতি বছর বিশ্বের বাকি দেশগুলোয় চীনের চেয়েও বেশি উদ্বৃত্ত থাকবে। উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াবে ৩ লাখ ৮১ হাজার টনে। ২০২৪ সালে তা কমে দেড় লাখ ও ২০২৫ সালে ৫০ হাজার টনে নামতে পারে।

অন্যদিকে সিসার বাজারে গত বছর ঘাটতি ছিল। এ বছর ঘাটতির পাল্লা আরো ভারী হতে পারে। তবে আগামী বছর উদ্বৃত্তের সম্ভাবনা রয়েছে। তখন ধাতুটির দাম কমে আসতে পারে। চলতি বছরের জন্য এলএমইতে প্রতি টনের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২ হাজার ৪৫ ডলার।