নভেম্বরে ভারতের পাম অয়েল আমদানি আগের বছরের একই মাসের তুলনায় ৩ শতাংশ কমেছে। একই সঙ্গে তা গত ১৭ মাসের সর্বনিম্নে নেমেছে। পরিশোধিত পাম অয়েলে আমদানি শুল্ক বৃদ্ধির ভয়ে মালয়েশিয়া থেকে দেশটির ব্যবসায়ীরা পণ্যটির ক্রয় কমিয়েছেন। এতে সামগ্রিকভাবে পণ্যটির আমদানি কমেছে। খবর রয়টার্স।
দেশটির শীর্ষ স্থানীয় বাণিজ্য সংস্থা সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন (এসইএ) একটি বিবৃতি জানায়, নভেম্বরে দেশটি মোট ৬ লাখ ৭১ হাজার ৮৬৩ টন পাম অয়েল আমদানি করেছে, যা ২০১৮ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন।
আগের বছরের এ মাসে দেশটি ৬ লাখ ৯১ হাজার ৮২৭ টন পাম অয়েল আমদানি করেছিল। আর চলতি বছরের অক্টোবরে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৭৮ হাজার ৫৬৮ টন। সে হিসাবে এক বছর ও এক মাসের ব্যবধানে উদ্ভিজ্জ তেলটির আমদানি কমেছে যথাক্রমে ১৯ হাজার ৯৬৪ ও ১ লাখ ৬ হাজার ৭০৫ টন।
ভারত সাধারণত মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম অয়েল আমদানি করে। আর অপরিশোধিত পাম অয়েল আমদানি করে ইন্দোনেশিয়া থেকে। অক্টোবরে দেশটির ব্যবসায়ীরা নভেম্বরে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম অয়েল ক্রয় প্রায় বন্ধ করে দেন। ওই সময়ে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এতে আমদানি শুল্ক বাড়ার ভয়ে পণ্যটির ক্রয়াদেশ কমিয়ে দেন তারা।









