চলতি ফসলি মৌসুমে গত মৌসুমের চেয়ে অধিক চাল উৎপাদন করতে যাচ্ছে থাইল্যান্ড। উৎপাদন বাড়লেও রফতানি ততটা আশাব্যঞ্জক হচ্ছে না। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফর্মেশন নেটওয়ার্ক (জিএআইএন) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জিএআইএনের পূর্বাভাস বলছে, ২০২০-২১ মৌসুমে ১ কোটি ৮৬ লাখ টন চাল উৎপাদন করতে যাচ্ছে থাইল্যান্ড, গত মৌসুমের তুলনায় যা ৫ শতাংশ বেশি। উৎপাদন চাঙ্গা থাকলেও রফতানিতে পতন হতে যাচ্ছে। ২০১৯ সালের তুলনায় চাল রফতানি রেকর্ড ২৫ শতাংশ কমে ২০২০ সালে ৫৭ লাখ টনে দাঁড়িয়েছে।

২০২০-২০২১ মৌসুমে থাইল্যান্ডের ভুট্টা উৎপাদন গত বছরের চেয়ে ২৪ শতাংশ বেড়ে ৫৬ লাখ টনে দাঁড়াতে পারে। অধিক জমিতে ভুট্টা চাষ এবং অনুকূল আবহাওয়ার কারণে ভুট্টা উৎপাদন বাড়ার পূর্বাভাস দিয়েছে জিএআইএন।

থাইল্যান্ডের গম আমদানি কমেছে এবং চলতি মৌসুমে তা চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইউএসডিএর পূর্বাভাস, চলতি মৌসুমে গম আমদানি ১৪ শতাংশ কমে ৩০ লাখ টনে দাঁড়াতে পারে। আটা আমদানিও ৯ শতাংশ কমে ১২ লাখ টনে দাঁড়াতে পারে।