পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করার সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এ-সংক্রান্ত সম্মতিপত্র পেয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি। ২৫ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা থেকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ পয়সা। আর আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৪ পয়সা।