শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স এবার কনজিউমার ইলেকট্রনিকসের ব্যবসায় যুক্ত হয়েছে। এ লক্ষ্যে গতকাল রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে আকিজ কনজিউমার ইলেকট্রনিকস লিমিটেডের অধীনে ‘অর্কা’ ব্র্যান্ডের প্রথম আউটলেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে আউটলেটকেন্দ্রিক ও গ্লোবাল ব্র্যান্ড নিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে অর্কা ব্র্যান্ডের নামে বাংলাদেশে পণ্য উৎপাদন এবং বাজারজাত করার পরিকল্পনা রয়েছে শিল্প গ্রুপটির।

আকিজ কনজিউমার ইলেকট্রনিকস জানিয়েছে, ‘অর্কা’ হবে একটি কমপ্লিট হোম অ্যাপ্লায়েন্স ও অফিস সলিউশন। এখানে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যাবে। এর মধ্যে থাকবে স্যামসাং, এলজি, হিটাচি, হায়ার, ওয়ার্লপুল, প্যানাসনিক, ফিলিপসসহ বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডের পণ্য।

চলতি বছরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শহরে কমপক্ষে ২৫টি আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটি। আর ২০২৮ সালের মধ্যে সারা দেশে ১০০টি শোরুম স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আকিজ কনজিউমার ইলেকট্রনিকসের চিফ বিজনেস অফিসার মো. আবু তারিক জিয়া চৌধুরী বলেন, ‘আকিজ রিসোর্স দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের রয়েছে বিশাল ও বিশ্বস্ত গ্রাহক-শুভানুধ্যায়ী। তাদেরকে উন্নত সেবা ও মানসম্মত পণ্য দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে পণ্যের প্রাপ্যতা বড় কোনো চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হচ্ছে বিক্রয়োত্তর সেবা। অর্কার সঙ্গে অন্যদের প্রধান পার্থক্য এখানেই। আমরা গ্রাহকদের সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করব। কোনো ক্রেতা পণ্য নিয়ে অভিযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যে তা সমাধান করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ক্লাস্টার সিইও শাহরিয়ার ইশতিয়াক হালিম, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ক্লাস্টার সিএফও আশফাক হোসেন চৌধুরী, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিম, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহানসহ শিল্প গ্রুপটির বিভিন্ন বিজনেস ইউনিটের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।