বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান পুনরুদ্ধার করলেন টেসলা ও টুইটারের সিইও ইলোন মাস্ক। গতকাল ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে শীর্ষে পৌঁছান তিনি। অবশ্য ফোর্বসের তালিকায় এখনো দ্বিতীয় স্থানে এ উদ্যোক্তা।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে দেখা গেছে, মঙ্গলবার ইলোন মাস্কের সম্পদ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে নেমে আসা ফরাসি ধনকুবের বেহনা আহনোঁর সম্পদ দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০০ কোটি ডলার। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মাস্ক ও আহনোঁর পরেই রয়েছেন ১১ হাজার ৭০০ কোটি ডলার সম্পদের মালিক জেফ বেজোস। আর ১১ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার চার নম্বরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
সোমবার টেসলার শেয়ারের দাম বেড়ে গেলে মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বাড়ে। সিএনএন বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, টুইটার কিনে নেয়া ও প্রযুক্তির বাজারে মন্দার কারণে গত বছর বড় আকারের ধাক্কা খান মাস্ক। এক বছরের মধ্যে ২০ হাজার কোটি ডলার সম্পদ হারিয়ে গিনেজ বিশ্ব রেকর্ড গড়েন টেসলা প্রধান। গত বছর টেসলা অন্তত ৭০ হাজার কোটি ডলার সম্পদ হারিয়েছে।
ভারতীয় ধনকুবের গৌতম আদানি আরেকটু পিছিয়ে এবার অবস্থান করছেন ৩২তমে। আদানি গ্রুপের এ কর্ণধারের সম্পদ দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭০ কোটি ডলার। ২০২২ সালের চেয়ে আদানির সম্পদ কমেছে ৮ হাজার ২৮০ কোটি ডলার।










