আয়ারল্যান্ড সফরের সময় পরিবার নিয়ে থাকার জন্য বাড়িটি ব্যবহার করবেন এ দম্পতি। খবর দ্য গার্ডিয়ান।
স্ট্র্যানক্যালি ক্যাসল ও এর ১৭৮ হেক্টর জমি সরাসরি মালিকের সঙ্গে চুক্তির মাধ্যমে কেনা হয়েছে। ফলে এর সঠিক বিক্রয়মূল্য প্রকাশ করা হয়নি। তবে আইরিশ টাইমসের হিসাব অনুযায়ী, সম্পত্তিটির মূল্য ২-৩ কোটি ইউরো হতে পারে।
বর্তমানে দেশটির রাজধানী ডাবলিনে মেটার আন্তর্জাতিক সদর দপ্তর অবস্থিত। প্রযুক্তি খাতসংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, এ কারণে জাকারবার্গ দম্পতিকে প্রায়ই আয়ারল্যান্ড সফর করতে হয়। মেটার এক মুখপাত্র জানান, জাকারবার্গ ও তার পরিবার এ ঐতিহাসিক বাড়িটির ব্যাপারে বেশ আনন্দিত। আয়ারল্যান্ডে সময় কাটানোর সুযোগ নিয়েও তারা খুব উচ্ছ্বসিত।
ব্ল্যাকওয়াটার উপত্যকায় ১৮৩০ সালে নির্মাণ করা হয় স্ট্র্যানক্যালি ক্যাসলটি। তৎকালীন কনজারভেটিভ পার্টির সাবেক সংসদ সদস্য জন কিলির জন্য এটি তৈরি করা হয়েছিল। স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইন দুর্গটির নকশা করেন। সে সময়কার অভিজাত ও ধনী পরিবারের বাড়িগুলোর মতোই এটি বড় পরিসরে নির্মাণ করা হয়েছিল। দুর্গটির আকারও বেশ বড়। ‘দ্য হাউজেস অব আয়ারল্যান্ড’ বইয়ের তথ্য অনুযায়ী, বাড়িটির খাবার ঘর থেকে রান্নাঘরে যেতে হেঁটে প্রায় সাড়ে ৪ মিনিট সময় লাগে।
এর আগে স্ট্র্যানক্যালি ক্যাসলের মালিক ছিলেন লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তার স্ত্রী জিয়ানকার্লা। তারা প্রায় ২৫ বছর ধরে বাড়িটির মালিক ছিলেন। চলতি শতকের শুরুর দিকে এ দম্পতি সম্পত্তিটি কিনে বড় ধরনের সংস্কার করেন।
এক বিবৃতিতে তারা জানান, স্ট্র্যানক্যালি ক্যাসল সংরক্ষণ ও সংস্কারের সুযোগ পেয়ে তারা আনন্দিত। জাকারবার্গ ও তার পরিবারও সম্পত্তিটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখবেন বলে তারা আশাবাদী।
আয়ারল্যান্ডের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণকারী সরকারি সংস্থা ন্যাশনাল বিল্ট হেরিটেজ সার্ভিসও দুর্গটির স্থাপত্যের প্রশংসা করেছে। বেলেপাথর ও চুনাপাথর দিয়ে তৈরি এ ভবনে উন্নত পাথরকাটা কাজ ও নির্মাণশৈলীর নিদর্শন রয়েছে।









