ধর্মঘট শেষ হওয়ার পর সম্প্রতি নতুন উদ্যোগ নিয়েছে ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন (ইউএডব্লিউ)। এর মাধ্যমে ১৩টি গাড়ি প্রস্তুতকারকের দেড় লাখেরও বেশি শ্রমিককে সংগঠিত করা হবে। বিএমডব্লিউ, হোন্ডা, হুন্দাই, লুসিড, মাজদা, মার্সিডিজ, নিশান, রিভিয়ান, সুবারু, টেসলা, টয়োটা, ফক্সওয়াগন ও ভলভোকে তালিকায় রেখে এ ক্যাম্পেইন চালু করা হয়েছে।
শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধার দাবিতে ছয় সপ্তাহের ধর্মঘটের পর ফোর্ড, জিএম ও স্টেলান্টিসের সঙ্গে চুক্তি করেছিল ইউএডব্লিউ। এখন তারা আরো কোম্পানির কর্মীদের সংগঠিত করতে চায়।
কেন্টাকিতে টয়োটার কারখানায়া ক্যামরি, আরএভি ফোর ও লেক্সাস মডেল তৈরিতে আট হাজার কর্মী কাজ করেন। তাদেরও সংগঠিত করার কথা ভাবছে ইউএডব্লিউ। টয়োটা ইউএডব্লিউর সঙ্গে চুক্তির পর মজুরি বাড়ানো হয়েছিল। হোন্ডা, নিশান, সুবারু ও হুন্দাই সম্প্রতি বেতন বাড়িয়েছে। তবে ইউএডব্লিউ জানায়, গাড়ি নির্মাণ খাতের কর্মীরা এখনো অসন্তুষ্ট।
বেতন বাড়ানো হলেও কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানান জেফ অ্যালেন নামের একজন। তিনি জানান, কেবল ইউনিয়ন পারে চুক্তির মাধ্যমে ন্যায্যতার নিশ্চয়তা দিতে। কারণ কোম্পানিগুলো অন্যথায় স্বাস্থ্য সুরক্ষা বা বেতন বৃদ্ধির বিষয়ে মত বদলাতে পারে।
ইউএডব্লিউর দাবি নন-ইউনিয়ন গাড়ি নির্মাতা কোম্পানিগুলো অস্থায়ী ও চুক্তিভিত্তিক শ্রমিকদের ওভারটাইমের কাজের বিনিময়ে যথেষ্ট মজুরি দিচ্ছে না।
জেফ অ্যালেন বলেন, ‘কর্মীদের সংগঠিত করার মূল উদ্দ্যেশ্য হচ্ছে আরো কর্মীদের সুরক্ষিত জীবন ব্যবস্থা নিশ্চিত করা। কোম্পানিগুলো মুনাফা করার পরেও যেন কর্মীদের বিল পরিশোধ বা পরিবারকে খাওয়ানোর বিষয়ে চিন্তা করতে না হয়।’
জিএম, ফোর্ড, ক্রিসলার ধর্মঘটের পরে ইউএডব্লিউ তাদের সংগঠিত হওয়ার প্রচেষ্টা বাড়াচ্ছে। অনেক কর্মী চাকরির নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করাকেই তাদের মূল লক্ষ্য বলে জানান।










