মালয়েশিয়ার পাম অয়েল রফতানি গত মাসে ২৪ শতাংশ বেড়েছে। ভারত ও চীনসহ উপমহাদেশীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় রফতানিতে এমন প্রবৃদ্ধি দেখেছে দেশটি। কার্গোর তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারটেক টেস্টিং সার্ভিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে মালয়েশিয়া ১১ লাখ ৫৯ হাজার ৭২০ টন পাম অয়েল রফতানি করেছিল। মার্চে তা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৮ হাজার ৭৪ টনে। সে হিসাবে রফতানি বেড়েছে ২ লাখ ৭৮ হাজার ৩৫৪ টন। 

মোট রফতানীকৃত পাম অয়েলের মধ্যে অপরিশোধিত পাম অয়েল ২ লাখ ৯০ হাজার ৮৯০ টন, আরবিডি পাম অয়েল ৬৬ হাজার ৯৯০, আরবিডি পাম অলিন ৪ লাখ ৭০ হাজার ৯৪, আরবিডি পাম স্টিয়ারিন ১ লাখ ২১ হাজার ৮৫০, অপরিশোধিত পাম কারনেল অয়েল ১৫ হাজার ৭৩০ ও পাম ফ্যাটি অ্যাসিড ডিসটিলেট ৭৫ হাজার ৬৬৫ টন রফতানি হয়েছে।