দুবাইয়ে আবাসন খাতের ব্যবসায় প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মোট ১ হাজার ৯০০ কোটি ডলারের লেনদেন হয়েছে। মরগান ইন্টারন্যাশনাল রিয়েলটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, আগের প্রান্তিকে মোট লেনদেনের সংখ্যা ছিল ২২ হাজার ৪৩১টি। তৃতীয় প্রান্তিকে তা বেড়ে দাঁড়ায় ২৫ হাজার ৪৯৬টিতে। খবর আরব নিউজ।
বিশ্বজুড়ে যখন অর্থনীতিতে মন্দাভাব, মূল্যস্ফীতি মূল শঙ্কার কারণ হয়ে উঠেছে তখন দুবাইয়ের আবাসন খাত শক্তিশালী প্রবৃদ্ধির পথে চলেছে। মরগান ইন্টারন্যাশনাল রিয়েলটির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস হ্যানাউশ বলেন, আবাসন প্রতিষ্ঠানগুলো নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে। পাম জাবাল আলি’র মতো যেসব বড় প্রকল্প স্থগিত ছিল, সেগুলোতেও কাজ শুরু হয়েছে। ফলে আগামী প্রান্তিকেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।
দুবাইয়ের আবাসন খাতে গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ৬৫ শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ের মধ্যে ১৫ হাজার ৭৯২টি লেনদেনকে নিঃসন্দেহে উল্লেখযোগ্য পরিবর্তন বলা যায়। দুবাইয়ে প্রতি বর্গফুট জায়গার দাম এক বছরের ব্যবধানে বেড়েছে ১৬ শতাংশ। টাউনহাউজ ও ভিলাগুলোর দাম বেড়েছে, এক্ষেত্রে প্রতি বর্গফুটের দাম বেড়েছে ৩০ শতাংশ। গত বছরের সঙ্গে তুলনা করলে অ্যাপার্টমেন্টের দাম বেড়েছে ২৯ শতাংশ। হোটেল অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক সম্পত্তির দাম বেড়েছে যথাক্রমে ১০ ও ৮ শতাংশ।
মরগান ইন্টারন্যাশনাল রিয়েলটির বিশ্লেষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বেশ কয়েক দফা বৃদ্ধির পরও তৃতীয় প্রান্তিকে মর্টগেজের পরিমাণ বেড়েছে। আগের প্রান্তিকের চেয়ে মর্টগেজ বেড়েছে ৯ শতাংশ এবং নগদ লেনদেন কমেছে ২ শতাংশ।
তৃতীয় প্রান্তিকে দুবাইয়ের আবাসন খাতে যে ইতিবাচক ধারা দেখা গিয়েছিল, তা চলতি প্রান্তিকেও বর্তমান। ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে আবাসন খাতে ২ হাজার ৭০৩টি লেনদেন হয়েছে।










