সুদহার বাড়িয়ে ২০ শতাংশ করেছে দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইলআউট পেতে ২৫ বছরের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করেছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকটি। খবর দ্য ন্যাশনাল।
গত বৃহস্পতিবার ওয়েবসাইটে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১৭ শতাংশ থেকে সুদহার ৩০০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে। অবশ্য বেশির ভাগ অর্থনীতিবিদের পূর্বাভাস ছিল ২০০ বেসিস পয়েন্ট বৃদ্ধির।
১৯৯৭ সালের পর ২০ শতাংশ সুদহার দেখল পাকিস্তান। জুনে শেষ হওয়া চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ২৭-২৯ শতাংশে দাঁড়াতে পারে। কেন্দ্রীয় ব্যাংক তার পরবর্তী মুদ্রানীতিসংক্রান্ত বৈঠক আয়োজন করবে আগামী ৪ এপ্রিল।
আইএমএফের বেইলআউট পেতে সুদহার বাড়ানোর মতো অপ্রিয় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। সামনের মাসগুলোয় ৭০০ কোটি ডলারের মতো বিদেশী ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে চলতি মার্চে চীনকে দিতে হবে ২০০ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জামিল আহমেদ এক বিবৃতিতে বলেন, শিগগিরই ৩০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাকি ৪০০ কোটি ডলার জুন পর্যন্ত পেছানো যাবে বলে আশা করছি।
আইএমএফের ঋণ পেতে কর বাড়ানোর পাশাপাশি জ্বালানি মূল্য বাড়িয়েছে এবং কয়েক দফা স্থানীয় মুদ্রার বিনিময় মূল্যের অবনয়ন করেছে।
গত ১৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২৬ কোটি ডলারে নেমে এসেছে, যা দিয়ে এক মাসেরও আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে না।










