জনতা ব্যাংক পিএলসির বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বরিশালের স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন। বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। সম্মেলনে ব্যাংকের ঋণ আদায় কার্যক্রম জোরদার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে শাখা ব্যবস্থাপকদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান শাখা ব্যবস্থাপকদের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘সিএমএসএমই খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ব্যাংককে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ খাতে অর্থায়ন বাড়লে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির বিকাশেও অবদান রাখা সম্ভব হবে।’