দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তার ভাষায়, ‘বর্জ্য ব্যবস্থাপনা, সোলার ব্যবহার ও পানির সঠিক ব্যবস্থাপনা ছাড়া গ্রিন সার্টিফিকেশন পাওয়া সম্ভব নয়। এ সার্টিফিকেশন ছাড়া রফতানি খাতে বড় ধাক্কা আসবে।’ রাজধানীতে গতকাল বিসিক আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন ও কর্মশালায় গভর্নর এ কথা বলেন।
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘দেশের বর্তমান ভ্যাট কাঠামোর বিকৃতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বাধা। তারা ৭ বা ১০ শতাংশ ভ্যাট দিলেও সেই ট্যাক্স ক্রেডিট পান না। ফলে ইন্টিগ্রেশন ও উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হয়।’
চাহিদা তৈরির গুরুত্বকে বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাজার তৈরি না করলে সরবরাহ বাড়িয়ে কোনো লাভ হবে না। অনলাইন প্লাটফর্মে প্রতিটি উদ্যোক্তার আলাদা প্রোফাইল, শপিং কার্ড ও রিয়েল টাইম তথ্য থাকা জরুরি।’
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করার উদ্যোগ নেবে সরকার। এজন্য পেপ্যালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পশ্চিমা বিশ্ব অনলাইনে কিনছে, সেই জায়গায় যেতে চায় বাংলাদেশও।’
তিনি আরো বলেন, ‘শুধু উদ্যোক্তা বাড়ালেই হবে না, চাহিদা ও বাজার তৈরি করতে হবে। আমরা এখনো সেখান থেকে পিছিয়ে। এজন্য উদ্যোক্তাদের অনেকে ঝরেও যাচ্ছেন।’
ঋণ বিতরণ ব্যবস্থায় দুর্বলতার বিষয় তুলে ধরে গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংক বিসিকের উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকাও ঋণ দিতে পারে, কিন্তু সেই ঋণ পরে আদায় করাটা সম্ভব হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।’










