টানা দুই বছর ধরে পতনের মুখে রয়েছে রাশিয়ার যব রফতানি খাত। এ ধারাবাহিকতায় চলতি বছর শেষেও দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি আগের বছরের তুলনায় ১২ শতাংশের বেশি কমে আসতে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২০১৭ সালে রাশিয়ার যব রফতানিতে প্রবৃদ্ধি বজায় ছিল। ওই বছর দেশটি থেকে ৫৮ লাখ ৮৪ হাজার টন যব রফতানি হয়েছিল। পরের বছর দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি ২০ দশমিক ৭৯ শতাংশ কমে দাঁড়ায় ৪৬ লাখ ৬১ হাজার টনে।
গত বছর রাশিয়া থেকে ৪১ লাখ টন যব রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ৪ শতাংশ কম। মন্দা ভাবের ধারাবাহিকতায় ২০২০ সালে রাশিয়া থেকে ৩৬ লাখ টন যব রফতানির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ২০ শতাংশ কম। সেই হিসেবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে যব রফতানি পাঁচ লাখ টন কমতে পারে।










