দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) গ্রস আয় চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির গ্রস আয় হয়েছে ২১ হাজার ২২৯ কোটি ৫৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ হাজার ৬৩৮ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে বিএটিবিসির পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৪৯ কোটি ৭৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯১৩ কোটি ৯৬ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৫৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৯৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৮৫ পয়সায়।
এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে বিএটিবিসির গ্রস আয় হয়েছে ১১ হাজার ৩২৯ কোটি ৯১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ হাজার ৮৭০ কোটি ৫৫ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির গ্রস আয় বেড়েছে প্রায় ১৫ শতাংশ। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৯৩ কোটি ৫১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯৭ কোটি ১ লাখ টাকা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ১৪ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ টাকা ২০ পয়সা।
প্রথমার্ধে মুনাফা বাড়ার কারণ হিসেবে বিএটিবিসি জানিয়েছে, সিগারেট বিক্রির পরিমাণ বাড়ার পাশাপাশি তামাক রফতানিতে ভালো আয় হয়েছে। এর প্রভাবে কোম্পানির মুনাফা বেড়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বিএটিবিসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ টাকা ৭২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৭৬ টাকা ২৭ পয়সায়।










