ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারে অনুষ্ঠিত সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান গতকাল এ কার্যক্রমে অংশ নেন ও বাংলা কিউআর ব্যবহার করে পণ্য কেনেন।
আইএফআইসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নর স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাংলা কিউআর ব্যবহারের পদ্ধতি, নগদবিহীন লেনদেনের সুবিধা ও নিরাপদ ডিজিটাল পেমেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সরকারের ক্যাশলেস লেনদেন উদ্যোগ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বিনামূল্যে ব্যবহারের সুযোগ চালু হওয়ায় এর প্রসার আরো ত্বরান্বিত হচ্ছে।’ এ লেনদেন ব্যবস্থা শিগগিরই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে নগদবিহীন লেনদেনের পরিধি সম্প্রসারণ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক বাংলা কিউআরসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক তার ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখা ও প্রায় ৬০ হাজার মার্চেন্ট নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে কাজ করছে।










