পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের পর্ষদ ১০ টাকা মূল্যের তিন কোটি সাধারণ শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে চামড়া খাতের কোম্পানিটি। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার। 

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮ লাখ টাকা। কোম্পানির পুঞ্জীভূত লোকসান রয়েছে ২৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৭৯ হাজার ৯৮০। এর মধ্যে ৩০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ২২ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল লিগ্যাসি ফুটওয়্যার শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৯৭ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৯ টাকা ও ১০০ টাকা ৫০ পয়সা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) লিগ্যাসি ফুটওয়্যারের বিক্রি হয়েছে ৯ লাখ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৮৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রি কমেছে ৯৮ দশমিক ৬৮ শতাংশ। বিক্রি কমার পাশাপাশি বিভিন্ন খরচ বাড়ায় আলোচ্য সময়ে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৪ লাখ টাকা।