প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য সম্প্রতি বিডিংয়ের অনুমোদন পেয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আমিন আহমদ। পুঁজিবাজারে তালিকাভুক্তিসহ কোম্পানির নানা দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন তিনি

পুঁজিবাজারে বেস্ট হোল্ডিংসের তালিকাভুক্তি নিয়ে এর আগে বেশ আলোচনা-সমালোচনা দেখা গেছে। আপনার প্রতিষ্ঠানকে নিয়ে এ বিতর্কের কারণ কী? 

২০২০ সালের ডিসেম্বরের আগে আমাদের কোম্পানি নিয়ে কোনো সমালোচনা ছিল না। মূলত ২০২০ সালের ডিসেম্বরে সরাসরি তালিকাভুক্তির (ডিরেক্ট লিস্টিং) জন্য আমরা আবেদন করার পর থেকেই পুঁজিবাজার সংশ্লিষ্ট একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করে। সে সময় বলা হয়েছিল, আইন লঙ্ঘন করে বেস্ট হোল্ডিংস সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে আসার চেষ্টা করছে। কিন্তু এটি ঠিক নয়। প্রকৃত বিষয় হচ্ছে, আমরা কোনো আইন লঙ্ঘন করিনি। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের ২০২০ সালের ৩০ জুলাই জারি করা সার্কুলারের নির্দেশনা পরিপালনের জন্যই আমরা সরাসরি তালিকাভুক্তির আবেদন করেছিলাম। নির্দেশনা অনুসারে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিবি), অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বা সমজাতীয় কোনো তহবিলের মাধ্যমে বেসরকারি খাতের বিদ্যুৎ ও জ্বালানি, পর্যটন এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে বিনিয়োগ করা ব্যাংকের বাজার তারল্য সৃষ্টির জন্য সরাসরি তালিকাভুক্তির বাধ্যবাধকতা ছিল। এ কারণেই আমরা সরাসরি তালিকাভুক্তির আবেদন করেছিলাম। এখানে একটি বিষয় উল্লেখ্য যে, বেস্ট হোল্ডিংস কখনো কোথাও নিজেকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেনি। 

সম্প্রতি অর্থ পাচার আইনে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর সঙ্গে আপনাকেও আসামি করে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই? 

জমিটি আব্দুল হাই বাচ্চু গং চুক্তির মাধ্যমে ১১০ কোটি টাকায় ক্রয় করেন এবং নগদ/পে-অর্ডার/চেকের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। সরকারিভাবে নির্ধারিত দামের চার গুণেরও অধিক দামে সম্পত্তিটি ক্রেতারা নিবন্ধন করিয়ে নেন। আয়কর অধ্যাদেশের বিধান অনুযায়ী অতিরিক্ত ৯৪ কোটি ৭৫ লাখ টাকার ওপর আমি কর পরিশোধ করেছি, যা আয়কর নথিতে প্রদর্শিত হয়েছে। যেহেতু চুক্তির মাধ্যমে ক্রয়-বিক্রয় প্রক্রিয়া সম্পাদিত হয়েছে এবং সব প্রাপ্ত অর্থ নগদ/পে-অর্ডার/চেকের মাধ্যমে ব্যাংকে জমা হয়েছে এবং সরকারের নির্ধারিত আইন ও বিধি-বিধানের আওতায় কর প্রদানের মাধ্যমে বৈধ অপ্রদর্শিত আয় প্রদর্শন করা হয়েছে, তাই কোনোভাবেই আর্থিক তথ্য গোপনে সহযোগিতার অভিযোগ আনা যায় না। 

আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করে আপনারা কোন প্রকল্প বাস্তবায়ন করতে চাইছেন? 

বেস্ট হোল্ডিংসের মালিকানাধীন লো মেরিডিয়েন হোটেল বর্তমানে ৩০৪টি রুম নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। নতুন করে আরো ৫৮টি রুম সংযোজনের কাজ চলমান আছে। এয়ারপোর্টের নতুন টার্মিনালের কারণে কিছু নতুন এয়ারলাইনস আমাদের কাছে রুমের চাহিদা জানিয়েছে। আশা করছি, সামনের বছরের জুনের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে। হোটেলের নিচতলায় ৩৭ হাজার বর্গফুটের বাণিজ্যিক স্পেস রয়েছে। এখানে একটি আন্তর্জাতিক শপিং আর্কেড চালুর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে আমরা নিজেদের ব্র্যান্ড মসলিন এখানে চালু করেছি। আরো দুটি বাণিজ্যিক ফ্লোরের কাজ চলছে। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে এগুলোর কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি। এগুলোর মাধ্যমে হোটেলের আয় আরো বাড়বে। বসুন্ধরা আবাসিক এলাকায় আমাদের নিজস্ব জায়গায় ১৯৮টি লো মেরিডিয়েন সার্ভিস স্যুট ও ১১৪টি সার্ভিস অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। এরই মধ্যে রাজউকের কাছ থেকে উচ্চতাসংক্রান্ত অনুমোদন নেয়া হয়েছে। বর্তমানে বিশদ নকশার কাজ চলছে। অ্যাপার্টমেন্ট বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটি দিয়েই সার্ভিস স্যুটগুলো তৈরি করা হবে। ২০২৬-২৭ সালের দিকে এগুলোর নির্মাণকাজ শেষ হবে। ময়মনসিংহের ভালুকায় আমরা ২২৮ রুমের পাঁচ তারকা ম্যারিয়ট হোটেল এবং ম্যারিয়ট কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণ করছি। 

ভালুকাতে পাঁচ তারকা হোটেলের গ্রাহক পাওয়া যাবে? 

টঙ্গী থেকে ময়মনসিংহ পর্যন্ত আনুমানিক সাড়ে তিন হাজার ভারী ও তৈরি পোশাক কারখানার যেসব বিদেশী ক্রেতা ও টেকনিশিয়ানরা বাংলাদেশে আসেন তারা ঢাকা থেকে কারখানাগুলোতে যাতায়াত করেন। হোটেলটি চালু হলে তাদের আর ঢাকা থেকে যেতে হবে না, সেখানেই থাকতে পারবেন। কমার্শিয়াল কমপ্লেক্সটিতে বিপণি বিতান, কনভেনশন হল, সিনেপ্লেক্সসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। কয়েকটি ব্যাংক সেখানে তাদের শাখা স্থাপনের আগ্রহ দেখিয়েছে। ভালুকাতে ৮৪৬ একর জায়গার ওপর ধামশুর অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলমান আছে। এর ভেতরেই ব্রিটিশ চেইন স্কুল হেইলিবেরি ভালুকার নির্মাণকাজ সমাপ্তির পথে। আগামী বছরের সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। এটি হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চেইন বোর্ডিং স্কুল। সেখানে আমরা লাক্সারি কালেকশন ভালুকা নামে ম্যারিয়টের একটি পাঁচ তারকা রিসোর্ট নির্মাণ করছি। এতে ৮৭৫ বর্গফুটের ১৮০টি রুম ও ২২টি বিভিন্ন আকারের বাংলো থাকবে। ২০২৫ সালের জুলাইতে এটি চালু হবে বলে আশা করছি। আমরা আরেকটি প্রকল্প হাতে নিয়েছি সেটি হচ্ছে লাক্সারি প্রাইভেট ভিলা। এটিও পরিচালনা ও মেইনটেন্যান্সের দায়িত্বে থাকবে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল। এখানে চার থেকে পাঁচ হাজার বর্গফুটের ১০০টি ভিলা থাকবে। এ ভিলাগুলো বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটি ম্যারিয়ট হোটেল নির্মাণের জন্য ব্যয় করা হবে। এরই মধ্যে বেশকিছু ভিলা বিক্রির বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। সব মিলিয়ে এসব প্রকল্পগুলো সম্পন্ন হলে বেস্ট হোল্ডিংসের আয় অনেক বাড়বে। পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ আমরা লাক্সারি কালেকশন ভালুকা নির্মাণে ব্যয় করব এবং এর কিছু অংশ দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধে ব্যয় করা হবে।

বেস্ট হোল্ডিংসে বিনিয়োগের বিপরীতে কেমন রিটার্ন পাওয়া যাবে? 

এটি একটি সম্পদভিত্তিক কোম্পানি। প্রত্যেকটি প্রকল্পই দৃশ্যমান। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের কোম্পানির ৪১৮ কোটি টাকার ক্রমপুঞ্জীভূত আয় সংরক্ষিত আছে। কোনো কারণে প্রতিকূল পরিস্থিতি এলেও আমাদের লভ্যাংশ দেয়ার সক্ষমতা থাকবে। আমি বিনিয়োগকারীদের উদ্দেশে বলতে চাই, আপনারা এখানে বিনিয়োগ করে ঠকবেন না। কোম্পানির সবগুলো প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে ভবিষ্যতে আয় ও মুনাফা আরো বাড়বে। তাছাড়া কোম্পানির যেসব সম্পদ রয়েছে সেগুলোর মূল্যও দিন দিন বাড়বে। 

এ খাতের ব্যবসায় ঝুঁকির দিকগুলো কী? 

আমরা হোলি আর্টিজান ও কভিডের মতো সংকট পার করেছি। বিশেষজ্ঞরা বলছেন, সামনে আরো বড় মহামারী আসবে এবং তাতে কভিডের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। ফলে এ খাতের ব্যবসায় যেমন ঝুঁকি আছে, তেমনি সম্ভাবনাও রয়েছে। কম হোক কিংবা বেশি হোক পৃথিবীতে মানুষ যতদিন আছে ততদিন পর্যন্ত হোটেল-আবাসনের চাহিদা থাকবে। 

আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাই। 

আমাদের নিজস্ব যে মসলিন ব্র্যান্ড রয়েছে সেটিকে আরো বিস্তৃত করতে চাই। এরই মধ্যে বিদেশী ক্রেতাদের কাছে এ ব্র্যান্ডের পণ্য যেমন জামদানি, কাতান; এগুলো জনপ্রিয়তা পেয়েছে। এর মাধ্যমে পর্যটনের পাশাপাশি আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। কক্সবাজার ও কুয়াকাটা আমাদের অন্যতম দুটি পর্যটন স্পট। এসব জায়গায় এখনো আধুনিক সেবা ও সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। এ দুটি স্পটে আধুনিক সুযোগ-সুবিধাসহ সাশ্রয়ী মূল্যে যাতে পর্যটকরা সেবা পান সে ধরনের হোটেল নির্মাণে আমাদের পরিকল্পনা আছে। ভবিষ্যতে পর্ষদের সঙ্গে আলোচনা করে ব্যবসায়িক পরিকল্পনা চূড়ান্ত করা হবে।