পোশাক
শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্পের সকল অংশীজনদের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ
পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি
ফারুক হাসান।
তিনি
বলেন, বাংলাদেশের পোশাক শিল্প একটি কঠিন সময় পার করছে। শিল্পটিকে টিকিয়ে রাখতে সকল
অংশীজনদের উচিত শিল্পটিকে নিজ নিজ অবস্থান
থেকে নিবিড় সহযোগিতা প্রদান ও সমন্বিত প্রচেষ্টা গ্রহণ।
মঙ্গলবার
(৫ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে মত বিনিময়কালে
তিনি এ কথা বলেন।
ফারুক
হাসান বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত চ্যালেঞ্জগুলো কাটিয়ে
উঠা এবং শিল্পের একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য যৌথ প্রচেষ্টা এবং দায়িত্ব ভাগাভাগি
করে নেয়া অপরিহার্য।
মতবিনিময়
সভায় বিজিএমইএ-এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান
কচি, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি রাকিবুল
আলম চৌধুরী এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ
সভাপতি ফারুক হাসান বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং
এর ধারাবাহিকতায় বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
তিনি
বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পোশাক শিল্পের গুরুত্বের প্রেক্ষিতে এই শিল্পটিকে
টেকসই উপায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের একসাথে কাজ করা উচিত।
তিনি
আশাবাদ ব্যক্ত করেন যে সকলের সহযোগিতায় পোশাক শিল্প তার বর্তমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে
উঠতে সক্ষম হবে, আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও অধিক
অবদান রাখবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ, বাংলাদেশ শিপিং এজেন্টস্ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম সুজন, চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ারডিং এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন প্রমুখ।









