চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৫ কোটি ৫০ লাখ ডলার লোকসানের সম্মুখীন হয়েছে জেটব্লু এয়ারওয়েজ। দ্বিতীয় প্রান্তিকের প্রথম মাসেই ব্যাপকভাবে ফ্লাইট স্থগিত করা হয়। ফলে উড়োজাহাজ সংস্থাটির মুনাফা ফিরে পেতে বিলম্ব হতে পারে। খবর এপি।

মার্কিন উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, এ গ্রীষ্মেই ফ্লাইট বিলম্ব ও বাতিল কমাতে ফ্লাইটের সময়সূচি পুনর্গঠন করা হবে। ফ্লাইট স্থগিতের ধাক্কা এসে পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারদরের ওপর। জেটব্লু এয়ারওয়েজের শেয়ারদর ১১ দশমিক ৪ শতাংশ কমেছে, যা গত এক বছরের সর্বনিম্ন।

এদিকে টিকিটের মূল্য ক্রমাগত বাড়ানোর ঘোষণা দিয়েছে জেটব্লু এয়ারওয়েজ। তবে দাম বাড়লেও ভোক্তা চাহিদাও ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথম প্রান্তিকে গড় টিকিট মূল্য গত বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি ছিল। দুই বছর পর মহামারীর সংক্রমণপ্রবাহ কিছুটা স্তিমিত হয়ে আসায় ভোক্তা চাহিদা বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এপ্রিলের শুরুতেই ১০ শতাংশ ফ্লাইট বাতিল হয়ে গেছে জেটব্লু এয়ারওয়েজের। এর জন্য পাইলটের সংকট, ফ্লোরিডা ও নিউইয়র্কের প্রতিকূল আবহাওয়া ইত্যাদিকে দায়ী করছে প্রতিষ্ঠানটি।