চলতি বছর বিক্রি বাড়বে বলে আশাবাদী দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর। সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কিয়াসহ যৌথভাবে গাড়ি বিক্রি ১০ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে গত বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি বিক্রিতে ব্যর্থ হয়েছে হুন্দাই।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২২ সালে হুন্দাই ও কিয়া ৬৮ লাখ ৫০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪ শতাংশ কম। মূলত সেমিকন্ডাক্টরসহ যন্ত্রাংশ ঘাটতির পাশাপাশি অন্যান্য সমস্যা সংস্থাটির গাড়ি বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে চলতি বছর ৭৫ লাখ ২০ হাজার ইউনিট গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এক বিবৃতিতে হুন্দাই মোটর জানিয়েছে, বাজার পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদ্যুচ্চালিত যানবাহনে স্থানান্তরিত হচ্ছে হুন্দাই। বৈশ্বিক পরিবেশগত বিধিবিধানের সঙ্গে সাড়া দিতে চায় প্রতিষ্ঠানটি। অঞ্চল অনুসারে উৎপাদন, সরবরাহ ও বিক্রি জোরদারের মাধ্যমে বাজার অংশীদারত্ব প্রসারিত এবং ব্যবসাকে আরো লাভজনক করে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, চলতি বছর প্রতিষ্ঠান দুটির গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা উচ্চাভিলাসী। তবে এটি অর্জন করা সম্ভব। ডাইশিন সিকিউরিটিজের একজন বিশ্লেষক কিম গুই-ইয়োন বলেন, হুন্দাই ও কিয়া এখনো গাড়ির ক্রয়াদেশ তুলনামূলকভাবে বেশি দেখছে। সাম্প্রতিক অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও গাড়ি কেনার জন্য ক্রেতারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এ অবস্থায় গাড়ি বিক্রি বাড়বে বলে আশাবাদী নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তবে উচ্চ সুদহারের মতো অর্থনৈতিক বাধাগুলো গাড়ি বিক্রি কমিয়ে দিতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এ খবরের পর বুধবার পুঁজিবাজারে হুন্দাই মোটর ও কিয়ার শেয়ারদর যথাক্রমে ১ দশমিক ৩ শতাংশ এবং ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অক্টোবরে হুন্দাই মোটর বিশ্বজুড়ে গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ কমিয়ে এনেছিল।










