তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানানো হয়েছে। 

তথ্য অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে আমরা নেটওয়ার্কসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৬ পয়সা। আলোচ্য হিসাব বছরে ইপিএস বাড়ার কারণ হিসাবে কোম্পানিটি জানিয়েছে, এ সময়ে তারা তুলনামূলক অধিক ব্যবসাবান্ধব আইটি সাপোর্ট ও সফটওয়্যার সেবা দিতে পেরেছে। মূলত এতেই কোম্পানির ইন্টারনেট বিক্রি বেড়েছে। ফলে আলোচ্য হিসাব বছরে কোম্পানি ইপিএসে বড় প্রবৃদ্ধি হয়েছে। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ১১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ৯৫ পয়সা।