বিদায়ী বছরের শেষ মাসে ইউরো অঞ্চলের কারখানা কার্যক্রম চাঙ্গা হয়েছে। সরবরাহ চেইন সংকট ও মূল্যস্ফীতি প্রশমিত হওয়ায় ডিসেম্বরে পুনরুদ্ধারের ইঙ্গিত দিয়েছে অঞ্চলটির শিল্পোৎপাদন খাত।
গত ডিসেম্বরে এসঅ্যান্ডপি গ্লোবালের চূড়ান্ত পারচেজিং ম্যানেজার্স সূচক বা পিএমআই ছিল ৪৭ দশমিক ৮ পয়েন্ট, যা নভেম্বরের ৪৭ দশমিক ১ পয়েন্ট থেকে বেশি। এখনো পিএমআই ৫০ পয়েন্টের নিচে থাকলেও গত কয়েক মাসের তুলনায় অঞ্চলটির শিল্পোৎপাদন খাতে আশাব্যঞ্জক উন্নতি দেখা গেছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের চিফ বিজনেস ইকোনমিস্ট ক্রিস উইলিয়ামসন বলেন, টানা দ্বিতীয় মাসের মতো ইউরো অঞ্চলের কারখানা উৎপাদন ঊর্ধ্বমুখী। নতুন বছরের শুরুতে যা শিল্পোৎপাদন খাতে হাসি ফোটানোর উপলক্ষ তৈরি করেছে।










