কভিডজনিত বিধিনিষেধে নিম্নমুখী রয়েছে ভোক্তা আস্থা। কমে গিয়েছে বিনিয়োগের পরিমাণও। সংকোচনের মুখোমুখি হয়েছে শিল্পোৎপাদন খাত। সব মিলিয়ে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় ধীর হওয়ার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। যদিও খুচরা বিক্রি কিছুটা বেড়েছে এবং কমেছে বেকারত্বের হারও।
রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনে কভিডজনিত লকডাউন ও সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ায় বাণিজ্যনির্ভর জাপানের অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। নির্মাতারা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির কারখানা কার্যক্রম এপ্রিলে ব্যাপকহারে সংকুচিত হয়েছে। যদিও কভিডজনিত বিধিনিষেধ শিথিল করায় গত মাসে দেশটির খুচরা বিক্রি বেড়েছে। তবে ক্রমবর্ধমান দাম চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) সংকুচিত হয়েছে জাপানের অর্থনীতি। ক্রমবর্ধমান দাম, কভিডজনিত বিধিনিষেধ এবং বিনিয়োগ কমে যাওয়ায় ১ শতাংশ সংকুচিত হয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। আগের প্রান্তিকের তুলনায় এ সংকোচনের হার দশমিক ২ শতাংশ। এর আগে গত বছরের চতুর্থ প্রান্তিকে দেশটির অর্থনীতি কিছুটা বাড়লেও তৃতীয় প্রান্তিকে সংকুচিত হয়েছিল। আবার রয়টার্সের একটি জরিপে অর্থনীতিবিদরা জানিয়েছেন, আগে যেমনটা ভাবা হয়েছিল তার তুলনায় বছরের দ্বিতীয় প্রান্তিকে খুব ধীর হবে প্রবৃদ্ধি। তারা চলতি বছরে জাপানের অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন। যদিও গত এপ্রিলে ৫ দশমিক ১ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল।
গতকাল প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, আগের মাসের তুলনায় এপ্রিলে কারখানার উৎপাদন ১ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। এটি গত তিন বছরের মধ্যে প্রথম পতন। এ পতনের হার রয়টার্সের জরিপে অর্থনীতিবিদদের পূর্বাভাস দশমিক ২ শতাংশের চেয়েও অনেক গভীর।
টয়োটা মোটর করপোরেশন এপ্রিলে লক্ষ্যমাত্রা অনুযায়ী বিশ্বজুড়ে গাড়ি উৎপাদন করতে ব্যর্থ হওয়ার একদিন পর এ তথ্যটি সামনে এল। গত মাসে বিক্রির দিক থেকে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থাটির উৎপাদন বার্ষিক ৯ দশমিক ১ শতাংশ কমেছে। সংস্থাটি আগামী জুনেও গাড়ি উৎপাদন পরিকল্পনা কমিয়ে এনেছে।
দাইওয়া ইনস্টিটিউট অব রিসার্চের অর্থনীতিবিদ কাজুমা কিশিকাওয়া বলেন, জাপানের উৎপাদন খাত স্বল্পমেয়াদে স্থবির হয়ে যেতে পারে। কারণ বৈশ্বিক সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা অব্যাহত রয়েছে। বুধবার (আজ) থেকে সাংহাইয়ে কঠোর কভিডজনিত লকডাউন শেষ হতে চলেছে। তবে এর পরই চীন থেকে পণ্য পরিবহন সম্পূর্ণ পুনরুদ্ধার হতে সময় লাগবে। এ পরিস্থিতি চলতি মাসেও জাপানের শিল্পোৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ সরবরাহ চেইন আপনি একদিনে ঠিকঠাক করতে পারবেন না। এর জন্য দীর্ঘ সময় প্রয়োজন বলেও জানান তিনি।
ইন্টারনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিলে জাপানের বেকারত্বের হার ২ দশমিক ৫ শতাংশ কমেছে। টানা তৃতীয় মাসের মতো এ হার নিম্নমুখী রয়েছে। এ তথ্য কভিডজনিত বিপর্যয় কাটিয়ে শ্রমবাজার পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। গত মাসে বেকারত্বের হার আগের মাসের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। পাশাপাশি চাকরির প্রাপ্যতার অনুপাত টানা চতুর্থ মাসে বেড়ে ১ দশমিক ২৩ শতাংশে উন্নীত হয়েছে। শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় আলাদাভাবে জানিয়েছে, এ অনুপাতের অর্থ হলো প্রতি ১০০ জন চাকরিপ্রার্থীর জন্য ১২৩টি চাকরির সুযোগ ছিল। পৃথক তথ্য অনুসারে, গত মাসে খুচরা বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। যেখানে ২ দশমিক ৬ শতাংশ বিক্রি বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছিল।
কভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে জাপানের পরিষেবা খাতের কার্যক্রম বাড়ছে। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং ক্রমবর্ধমান দাম দেশটির উৎপাদন খাতকে চাপে ফেলেছে। ক্যাপিটাল ইকোনমিক্সের জাপানি অর্থনীতিবিদ টম লেয়ারমাউথ একটি নোটে লিখেছেন, এপ্রিলে কারখানা কার্যক্রমে সংকোচন দ্বিতীয় প্রান্তিকে পুনরুদ্ধারের আশাকে হতাশ করতে পারে। যদিও এ সময়ে শক্তিশালী পুনরুদ্ধারের পূর্বাভাস দেয়া হচ্ছে। তবে সরবরাহ ঘাটতি চলমান থাকলে এমনটা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সমীক্ষা অনুসারে নির্মাতারা আশা করছেন, মে মাসে উৎপাদন খাত প্রবৃদ্ধিতে ফিরবে। এ সময়ে শিল্পোৎপাদন ৪ দশমিক ৮ শতাংশ এবং জুনে ৮ দশমিক ৯ শতাংশ বাড়বে।










