মার্কিন বাজারে গাড়ি বিক্রিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে জেনারেল মোটরস (জিএম)। ২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) গাড়ি বিক্রি কিছুটা কমলেও বছরজুড়ে কোম্পানিটি ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। মূলত বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি), বড় আকারের এসইউভি ও সাশ্রয়ী মডেলের চাহিদা বাড়ায় ডেট্রয়েট-ভিত্তিক কোম্পানিটি গত বছর প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। খবর সিএনবিসি।
যুক্তরাষ্ট্রে গত বছর ২৮ লাখ ৫০ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে জিএম। প্রতিদ্বন্দ্বী টয়োটা মোটর বিক্রি করেছে ২৫ লাখ ২০ হাজার ইউনিট। ২০২১ সাল বাদে গত কয়েক দশক যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ গাড়ি বিক্রেতার অবস্থান ধরে রেখেছে জিএম। সর্বশেষ এক বছরে দেশটির বাজারে হিস্যা দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ১৭ শতাংশে উন্নীত করেছে কোম্পানিটি।
জিএম গত বছর ইভির বাজারেও চমক দেখিয়েছে। কোম্পানিটির ইভি বিক্রি বেড়েছে ৪৮ শতাংশ। বর্তমানে টেসলার পরই জিএম যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শীর্ষ অল-ইলেকট্রিক গাড়ি বিক্রেতা।
জিএমের উত্তর আমেরিকার প্রেসিডেন্ট ডানকান অলড্রেড বলেন, ‘আমাদের সব ধরনের মূল্যের ব্র্যান্ড ও পণ্যে জোরালো চাহিদা রয়েছে। আগামী বছরও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।’
এদিকে কক্স অটোমোটিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সামগ্রিক অটোমোবাইল বিক্রি ২ শতাংশ বেড়ে ১ কোটি ৬৩ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। গত বছর হাতেগোনা কয়েকটি নির্মাতা প্রবৃদ্ধি পেয়েছে। এর মধ্যে টয়োটার বিক্রি বেড়েছে ৮ শতাংশ। হুন্দাই ৮ দশমিক ৪ শতাংশ এবং কিয়া ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। উভয় প্রতিষ্ঠানই টানা তৃতীয় বছর রেকর্ড গাড়ি বিক্রির মাইলফলক স্পর্শ করেছে। এছাড়া হোন্ডা মোটরের বিক্রি বেড়েছে দশমিক ৫ শতাংশ।
ব্যবসায়িক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া স্টেলান্টিসের সামগ্রিক বিক্রি ৩ দশমিক ৩ শতাংশ কমেছে। তবে কোম্পানিটির অধীনস্থ জনপ্রিয় ব্র্যান্ড জিপ ইতিবাচক সাড়া পেয়েছে। গত বছর ব্র্যান্ডটির বিক্রি দশমিক ১ শতাংশের কম বাড়লেও এটি ২০১৮ সালের পর কোনো ব্র্যান্ডে কোম্পানির প্রথম বার্ষিক প্রবৃদ্ধি।
স্টেলান্টিসের যুক্তরাষ্ট্র রিটেইল সেলসের প্রধান জেফ কোমর বলেন, ‘টানা কয়েক প্রান্তিকের প্রবৃদ্ধি ও বাজার হিস্যার বিস্তার দেখে বোঝা যাচ্ছে, আমরা সঠিক পথেই এগোচ্ছি। আমাদের এখনো অনেক কাজ বাকি। তবে বৈচিত্র্যময় পণ্য সরবরাহের মাধ্যমে আমরা চলতি বছর অগ্রগতি নিশ্চিত করেছি।’








