তালিকাভুক্ত শাশা ডেনিমস পিএলসি যৌথ উদ্যোগ (জেভি) চুক্তির আওতায় ঘোড়াশাল ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে। প্রকল্পটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন এলাকায় বাস্তবায়ন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, প্রকল্পটি নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালন, রক্ষণাবেক্ষণ ও হস্তান্তর (ডিবিএফওএমটি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে এবং বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ভিত্তিতে পরিচালিত হবে। এজন্য নতুন একটি কোম্পানি গঠন করা হবে। কোম্পানি গঠনের সময় শাশা ডেনিমস ছাড়াও অন্যান্য অংশীদার ও যৌথ উদ্যোগ অংশীদারদের শেয়ারধারণ কাঠামো নির্ধারণ করা হবে। লেটার অব অ্যাওয়ার্ড (এলওএ) শর্ত পূরণের পর নতুন কোম্পানিটি রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কনটেইনার কোম্পানি লিমিটেডের (সিসিবিএল) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শাশা ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ১৫ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে শাশা ডেনিমসের ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৪ পয়সায়।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪১ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩১৫ কোটি ৯১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯১০।
এর ৪৪ দশমিক ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৩৬, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩১ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে।









