পুঁজিবাজারে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করতে দেশের শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম বা জোটের মাধ্যমে এক্সপার্ট ফিনটেক লিমিটেড নামের একটি কোম্পানি গঠন করা হয়েছে। কোম্পানিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আইটি কোম্পানি এসকে অ্যাডভাইজরি এফজেড এলএলসির সঙ্গে একটি চুক্তি করেছে। আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে গতকাল কোম্পানি দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়েছে। এক্সপার্ট ফিনটেক লিমিটেডের পরামর্শক মোহাম্মদ আলীর উপস্থিতিতে কোম্পানির পক্ষে চুক্তিতে পরিচালক মোহাম্মদ রহমত পাশা স্বাক্ষর করেন। প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক ভার্চুয়াল মাধ্যমে এতে যুক্ত ছিলেন। অন্যদিকে এসকে অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিহাব এ খলিল, চিফ অপারেটিং অফিসার ওয়াসেফ শাকা ও কোম্পানিটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ওএমএস চালু করতে আগ্রহী ১০ ব্রোকারেজ হাউজ হলো ইউসিবি স্টক ব্রোকারেজ, ইবিএল সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, গ্রীন ডেল্টা সিকিউরিটিজ, এনএলআই সিকিউরিটিজ, ওয়ান ব্যাংক সিকিউরিটিজ, এপেক্স ইনভেস্টমেন্ট ও মোনার্ক হোল্ডিংস। —বিজ্ঞপ্তি