মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ প্রশমনের পথে এগোচ্ছে। এতে বিশ্ববাণিজ্যে স্বাচ্ছন্দ্য ফিরেছে। যুক্তরাষ্ট্রে বেড়েছে রফতানিযোগ্য শস্যের বিক্রয়। এ কারণে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) টানা দুই সপ্তাহ অধিকাংশ শস্যের দাম চাঙ্গা রয়েছে। খবর সিনহুয়া।
২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে সিবিওটিতে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) সয়াবিনের সাপ্তাহিক গড় দাম দাঁড়ায় ৯ ডলার ২৮ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ২০ দশমিক ৭৫ সেন্ট বা ২ দশমিক ২৮ শতাংশ বেশি।
একই সময়ে মার্চে সরবরাহ চুক্তিতে আগের সপ্তাহের তুলনায় ৬ দশমিক ৭৫ সেন্ট বা ১ দশমিক ৭৭ শতাংশ বেড়ে প্রতি বুশেল ভুট্টা গড়ে ৩ ডলার ৮৮ সেন্টে বেচাকেনা হয়। এদিকে এ সপ্তাহে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের গড় দাম পড়েছে ৫ ডলার ৪২ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ৯ দশমিক ৭৫ সেন্ট বা ১ দশমিক ৮৩ শতাংশ বেশি।
সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্র প্রথম পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সইয়ে একমত হয়েছে। এতে চীনের বাজারে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য বিক্রি বাড়বে। এছাড়া বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশের মধ্যকার বাণিজ্যযুদ্ধ প্রশমনের আভাসে চাঞ্চল্য ফিরেছে বিশ্ববাজারে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ রফতানি প্রতিবেদনে জানা যায়, ৬-১২ ডিসেম্বরের মধ্যে রফতানিযোগ্য ভুট্টা ও গম বিক্রি চলতি অর্থবছরের সর্বোচ্চে পৌঁছেছে। এ সময় যুক্তরাষ্ট্র থেকে মোট ৮ লাখ ৬৮ হাজার ৬০০ টন রফতানিযোগ্য গম বিক্রি হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৭৩ শতাংশ বেশি।
একই অবস্থা বিদ্যমান রয়েছে ভুট্টার বাজারেও। এ সপ্তাহে দেশটি থেকে রফতানিযোগ্য ভুট্টা বিক্রি হয়েছে ১৭ লাখ ৯ হাজার ৪০০ টন, যা আগের সপ্তাহের তুলনায় ৯৬ শতাংশ বেশি। এদিকে এ সময় যুক্তরাষ্ট্র থেকে রফতানিযোগ্য সয়াবিনের বিক্রি আগের সপ্তাহের তুলনায় ৩৬ শতাংশ বেড়ে ১৪ লাখ ৩০ হাজার ৬০০ টনে উন্নীত হয়েছে।









