বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ক্যারিয়ার সামিট ও ফেস্ট শুরু হয়েছে। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সহযোগিতায় দুই দিনব্যাপী এ সামিট ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রধান অতিথি হিসেবে ক্যারিয়ার সামিটের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম মাহফুজুর রহমান, বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ, জি-স্টার রো-এর রিজিওনাল অপারেশনস ম্যানেজার শফিউর রহমান এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজিস্টসের সভাপতি মো. শফিকুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম এবং সঞ্চালনা করেন বিজিএমইএর পরিচালক আবদুল্লাহ হিল রাকিব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক নীলা হোসনা আরা। 

ক্যারিয়ার সামিটে ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় তৈরি পোশাক কোম্পানি অংশগ্রহণ করছে।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকশ গ্র্যাজুয়েট এবং শিক্ষার্থী ভেন্যুতে অংশগ্রহণকারী গার্মেন্টস কোম্পানিগুলোর দেয়া সুযোগ সম্পর্কে জানতে ক্যারিয়ার সামিটে অংশ নেন। 

এ সময় কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। শিল্প বিশেষজ্ঞরা পোশাক শিল্পে ক্যারিয়ারের সম্ভাবনা এবং গ্র্যাজুয়েটরা কীভাবে এ খাতে ক্যারিয়ার গড়তে পারে, সে সম্পর্কে দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তার বক্তব্যে ক্যারিয়ার সামিটের সুযোগগুলো কাজে লাগাতে গ্র্যাজুয়েটদের উৎসাহিত করেন। তিনি জ্ঞানার্জন, নেটওয়ার্কিং ও ভবিষ্যৎ পরিকল্পনা করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এগুলো শুধু ব্যক্তি পর্যায়ে উপকার সাধন করে না, বরং সমগ্র পোশাক খাতের প্রবৃদ্ধি এবং সাসটেইনেবিলিটিতে অবদান রাখে।’ বৈশ্বিক পোশাক বাজারের পরিবর্তনশীল গতি-প্রকৃতি তুলে ধরে ফারুক হাসান শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারের নিত্যনতুন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জ্ঞান ও দক্ষতা দিয়ে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান।