পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করেছে । ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ রোববার এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ সমাপ্ত হিসাব বছরে ভালো ব্যবসা করে আরএকে সিরামিকস (বাংলাদেশ)। সমাপ্ত হিসাব হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত বিক্রি হয় ৬৮৫ কোটি টাকার। যেখানে আগের হিসাব বছর বিক্রি ছিল ৫২৮ কোটি ৮৯ লাখ টাকার। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বৃদ্ধি পায় ১৫৬ কোটি ২২ লাখ টাকা বা ২৯ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয় ৯০ কোটি ৫২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩১ কোটি ৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বাড়ে প্রায় ৬০ কোটি টাকা বা ১৯১ শতাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয় ২ টাকা ১২ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৫৩ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৬ টাকা ৪১ পয়সা। 

এর আগে ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরএকে সিরামিকস। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আরএকে সিরামিকস। ২০১৮ হিসাব বছরে ১০ শতাংশ নগদের পাশাপাশি একইহারে স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরেও একই হারে নগদ ও স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

এদিকে সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আরএকে সিরামিকসের সমন্বিত বিক্রি হয়েছে ২০০ কোটি ৬৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ১৭৩ কোটি ৩৭ লাখ টাকার। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ২৭ কোটি ২৮ লাখ টাকা বা ১৫ দশমিক ৭৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটির উত্পাদন খরচ হয়েছে ১৪০ কোটি ৫৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে উত্পাদন খরচ ছিল ১২১ কোটি ৫৪ লাখ টাকা। সেই হিসাবে কোম্পানিটির উত্পাদন খরচ বেড়েছে প্রায় ১৯ কোটি টাকা বা ১৫ দশমিক ৬৩ শতাংশ। 

অন্যদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির আরএকে সিরামিকসের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৩১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২১ কোটি ৫০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২ কোটি ৮০ লাখ টাকার মতো বা ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৫০ পয়সা। 

২০১০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস মধ্যপ্রাচ্যভিত্তিক রাস-আল খাইমার গ্রুপের একটি যৌথ উদ্যোগ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৭৪ কোটি ৭২ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৭২ দশমিক ১০ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৬৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ১২ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৫ টাকা ১০ পয়সা।  গত এক বছরে শেয়ারটির দর ৩০ টাকা থেকে ৪০ পয়সা থেকে ৬৩ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।