বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রিটেইল জেলার তালিকার শীর্ষে এখন আর হংকংয়ের নাম নেই। দীর্ঘস্থায়ী কভিডজনিত বিধিনিষেধের কারণে এ তালিকায় শহরটির পতন হয়েছে। এক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
নিউইয়র্কের ম্যানহাটনের আপার ফিফথ এভিনিউ এখন খুচরা বিক্রিতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্ট্রিট। আবাসন ফার্ম কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ডের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। হংকংয়ের সিম শা সুই জেলা এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তার পরই রয়েছে ইতালির মিলানের ভায়া মনটেনাপোলিওনি।
আপার ফিফথ এভিনিউর দোকানগুলোর বার্ষিক ভাড়া প্রতি বর্গফুটে ২ হাজার ডলার, যেটা নভেল করোনাভাইরাস মহামারীর আগের সময়ের থেকে ১৪ শতাংশ বেশি। কৌলুনের সিম শা সুইতে ভাড়া কমে এসেছে ৪১ শতাংশ। এ সময়ে সেখানে প্রতি বর্গফুটে ভাড়া দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৬ ডলার। সেটাই ভায়া মনটেনাপোলিওনিতে ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮০ ডলারে।
বিশ্বের সবচেয়ে কঠোর কভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা শেষে হংকং এখন কিছুটা মন্দার সঙ্গে লড়াই করছে। তাছাড়া মূল ভূখণ্ড চীনের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় শহরটি পর্যটকও কম পাচ্ছে। চলতি বছরের প্রথম নয় মাসে শহরটিতে প্রবেশ করেছে মাত্র আড়াই লাখ মানুষ। যেখানে ২০১৯ সালে সংখ্যাটা ছিল ৫ কোটি ৬০ লাখ।
লন্ডনের নিউ বন্ড স্ট্রিট এ তালিকায় রয়েছে চতুর্থ অবস্থানে। সেখানে ভাড়া কমে এসেছে ১১ শতাংশ। আর প্যারিসের এভিনিউ দেস চ্যাম্পস এলিস রয়েছে পঞ্চম অবস্থানে। কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড জানিয়েছে, সেখানেও ভাড়া কমেছে গড়ে ১৮ শতাংশ।
এর আগে সবচেয়ে ব্যয়বহুল খুচরা বিক্রির শহর ছিল হংকংয়ের কজওয়ে বে, এখন সেই জায়গা নিয়েছে সিম শা সুই। ৯২টি জেলার মধ্যে এ জেলা শীর্ষে অবস্থান করে নেয় শহরটি।










