আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ লেসোথো খনিজ সম্পদে সমৃদ্ধ। দেশটির লেটসেং খনি থেকে ৪৪২ ক্যারেটের একটি অমসৃণ হীরা উত্তোলন করেছে লন্ডনভিত্তিক বৈশ্বিক হীরা উত্তোলন ও বিপণনকারী প্রতিষ্ঠান জেম ডায়মন্ডস। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর করোনা মহামারীর মধ্যে লেসোথোর খনিগুলো থেকে উত্তোলন করা সবচেয়ে বড় সাদা রঙের টাইপ-টু অমসৃণ হীরা এটি। হীরাটি অলংকার তৈরির কাজে ব্যবহার করা হবে।
২০০৬ সালে লেসোথোর লেটসেং খনিটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় জেম ডায়মন্ডস। এরপর এ খনি থেকে এখন পর্যন্ত ১০০ ক্যারেটের চেয়ে বড় ৬০টির বেশি সাদা হীরা উত্তোলন করা হয়েছে। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে খনিটি থেকে বড় আকারের একটি অমসৃণ সাদা হীরা উত্তোলন করা হয়েছিল। ওই হীরাটি ছিল ১৮৩ ক্যারেটের।
লেটসেং খনিটি বিশ্বের সর্বোচ্চ হীরা খনি হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে খনিটির উচ্চতা ৩ হাজার ১০০ মিটার ওপরে। জেম ডায়মন্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফোর্ড এলফিক বলেন, লেসোথোর খনিটি থেকে অলংকার তৈরির জন্য ভালো মানের হীরা পাওয়া যায়। প্রাপ্ত হীরাগুলোর আকারও হয় বেশ বড়। এ কারণে ইউরোপ-আমেরিকার অলংকার বাজারে লেসোথোর এ খনি থেকে উত্তোলন করা হীরার চাহিদা রয়েছে।
তিনি আরো বলেন, উত্তোলন করা হীরা বিক্রির অর্থ থেকে একটি অংশ লেসোথো সরকারের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পে ব্যয় করা হবে। মাইনিংডটকম










