দেশের বন্ড বাজার উন্নয়নে আয়োজিত এক কর্মশালায় উপস্থাপনা করেছে শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। ‘স্থানীয় মুদ্রা বন্ড বাজার উন্নয়ন’ শীর্ষক এ কর্মশালার লক্ষ্য ছিল সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের স্থানীয় মুদ্রা বন্ড বাজারকে উন্নত করা। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের জন্য এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
লংকাবাংলা সিকিউরিটিজ ১১ জুলাই তাদের উপস্থাপনায় বাজার কার্যকলাপ, সরকারি সিকিউরিটিজের লেনদেন নিষ্পত্তি এবং বাজার পরিকাঠামোর বিষয়টি তুলে ধরে। নিয়ন্ত্রক কাঠামোর বিষয়টি তুলে ধরেন বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা। কর্মশালার পর দেশের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও বীমা কোম্পানির তহবিল ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনা করেছে আইএমএফ ও বিশ্বব্যাংক। লংকাবাংলা সিকিউরিটিজের উপস্থাপনা আইএমএফ, বিশ্বব্যাংক, বিএসইসি, বাংলাদেশ ব্যাংকসহ সব অংশগ্রহণকারীর কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।










