নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এমভি এভার ভেনটেজ। গতকাল বন্দরের ৫ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। খালাসকৃত মালামাল নদীপথে নেয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ টন ওজনের ২৩৯ প্যাকেজ মালামাল এসেছে।

বিদেশী এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ। 

জাহাজটি মঙ্গলবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী এসেছে। জাহাজটি থেকে মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চারদিন।

এর আগে ১৭ মে এমভি সান ইউনিটি, ৫ মার্চ এমভি হাইড নং ৯ ও ২১ ফেব্রুয়ারি এমভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।